কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটকের ঘটনায় দায়ের করা ২০১৮ সালের মাদক মামলায় দুই আসামিকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মো. শামছুল আলম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন চৌদ্দগ্রাম উপজেলার ঢুলিপাড়া সরদার বাড়ির আবদুল মতিনের ছেলে মো. আমির হোসেন (৫০) ও একই গ্রামের আলী নেওয়াজের ছেলে মো. হারুন (২৬)।
আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২ মার্চ বিকেল সাড়ে ৪টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকায় অভিযান চালিয়ে ১০০ কেজি গাঁজাসহ আমির হোসেন ও হারুনকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় ডিবির উপপরিদর্শক (এসআই) মো. শরিফুল ইসলাম বাদী হয়ে সদর দক্ষিণ থানায় ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
মামলাটি তদন্ত শেষে এসআই ইসহাক মিয়া ২০১৮ সালের ২৬ মে আদালতে অভিযোগপত্র জমা দেন। পরে ২০১৯ সালের ৯ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। বিচার চলাকালে রাষ্ট্রপক্ষের আটজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।
সাক্ষ্য-প্রমাণ ও উভয় পক্ষের যুক্তিতর্ক পর্যালোচনা শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত দুই আসামিকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেন।
মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মোসাম্মৎ মাহমুদা খানম শিল্পী।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








