ঢাকার ধামরাইয়ে রবি মৌসুমে কৃষি উৎপাদন বাড়াতে ৬ হাজার ৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনা মূল্যে উন্নত জাতের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সরকারি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এসব কৃষি উপকরণ দেওয়া হয়।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য মো. তমিজ উদ্দিন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, কর্মসূচির আওতায় ৬ হাজার ৪০০ কৃষককে জনপ্রতি এক কেজি করে সরিষার বীজ এবং ১০০ কৃষককে আট কেজি করে খেসারির বীজ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রত্যেক কৃষককে প্রয়োজনীয় রাসায়নিক সার সরবরাহ করা হয়।
অনুষ্ঠানে সংসদ সদস্য মো. তমিজ উদ্দিন বলেন, দেশে ভোজ্যতেল ও ডালের উৎপাদন বাড়াতে সরকার কৃষকদের বিভিন্ন সহায়তা দিচ্ছে। সময়মতো উন্নত জাতের বীজ ও সার পেলে কৃষকরা অধিক ফলন ফলাতে পারবেন। এতে কৃষকরা লাভবান হওয়ার পাশাপাশি দেশের কৃষি উৎপাদনও বাড়বে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওমর ফারুক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিনামূল্যে বীজ ও সার পেয়ে সন্তোষ প্রকাশ করেন কৃষকরা। তারা জানান, মৌসুমের শুরুতে কৃষি উপকরণ পাওয়ায় উৎপাদন খরচ কমবে এবং সময়মতো চাষাবাদ করা সম্ভব হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








