রাশিয়ার বিরুদ্ধে এস্তোনিয়ার আনা অগ্নিসংযোগের চেষ্টায় জড়িত থাকার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ক্রেমলিন। এ ঘটনায় ১ ডিসেম্বর থেকে রাশিয়ার সঙ্গে সব সীমান্ত পারাপার কেন্দ্র বন্ধের ঘোষণা দিয়েছে এস্তোনিয়া।
সোমবার (১৬ নভেম্বর) মস্কোতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ কথা জানান।
রবিবার এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী মার্গুস সাখনা জানান, ১ ডিসেম্বর থেকে রাশিয়ার সঙ্গে দেশটির সব সীমান্ত পারাপার কেন্দ্র বন্ধ থাকবে। দেশটির অভিযোগ, ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান থ্রিওড সিস্টেমসে অগ্নিসংযোগের একটি চেষ্টা চালানো হয়েছিল। এ হামলার নির্দেশ দিয়েছিল রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউ।
অভিযোগ প্রত্যাখ্যান করে দিমিত্রি পেসকভ বলেন, ইউরোপের বিভিন্ন দেশ রাশিয়ার বিরুদ্ধে ধারাবাহিকভাবে মিথ্যা অভিযোগ তুলছে। এস্তোনিয়ার অভিযোগও সেই ধারার অংশ।
পেসকভ বলেন, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই। রাশিয়া এ ধরনের অভিযোগ মেনে নিতে পারে না। দেশটি এসব অভিযোগ সমর্থন করে না এবং সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে।
এস্তোনিয়ার সীমান্ত বন্ধের সিদ্ধান্তের সমালোচনা করে পেসকভ আরও বলেন, দেশটি যেন একটি দেয়াল নির্মাণ করছে। ইতিহাসে দেখা গেছে, অনেক দেশ দেয়াল নির্মাণ করেছে। কিন্তু যারা এমন দেয়াল তৈরি করেছে, তাদের জন্য তা কখনো ভালো ফল বয়ে আনেনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








