খাগড়াছড়ির দীঘিনালার দুর্গম নৌকাছড়া এলাকায় বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন। এ কার্যক্রমে চার শতাধিক অসহায় ও দরিদ্র পাহাড়ি নারী-পুরুষ চিকিৎসাসেবা পেয়েছেন।
সোমবার (১৬ নভেম্বর) দীঘিনালা জোন কমান্ডারের নির্দেশনায় নৌকাছড়ার বব্রুবাহন কারবারি পাড়ায় এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।
দীঘিনালা জোনের আরএমও ক্যাপ্টেন মো. আরেফ রহমানের তত্ত্বাবধানে আয়োজিত ক্যাম্পে দীঘিনালা সদর হাসপাতালের আরএমও মো. জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। ক্যাম্পে বিভিন্ন বয়সী মানুষের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজন অনুযায়ী বিনা মূল্যে ওষুধ দেওয়া হয়।
চিকিৎসাসেবা নিতে আসা স্থানীয় বাসিন্দা সুরেশ চাকমা বলেন, দুর্গম এলাকায় বসবাস করায় চিকিৎসার জন্য দূরে যাওয়া কষ্টকর। বাড়ির কাছে বিনা মূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে তারা উপকৃত হয়েছেন।
ক্যাপ্টেন মো. আরেফ রহমান বলেন, দুর্গম পাহাড়ি এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সেনাবাহিনীর এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








