কক্সবাজারের উখিয়ার মাছকারিয়া বিল থেকে পাখি শিকারের কাজে ব্যবহৃত ৫ হাজার কৃত্রিম বক ও ৩ হাজার মিটার জাল জব্দ করেছে বন বিভাগ। এ সময় পাখি ধরার জন্য তৈরি শতাধিক ফাঁদঘর ধ্বংস এবং ফাঁদে আটকে থাকা আটটি জীবিত বক উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকালে এ অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বন বিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান।
বন বিভাগ সূত্রে জানা গেছে, শীতের আগমনে উখিয়ার মাছকারিয়া এলাকার শাপলাবিলসহ বিভিন্ন জলাভূমিতে আসতে শুরু করেছে অতিথি পাখি। আর এসব পাখি শিকারের জন্য সক্রিয় হয়ে উঠেছে মৌসুমি শিকারিরা। বিলের বিভিন্ন স্থানে জাল, কৃত্রিম বক ও ফাঁদঘর স্থাপনের খবর পেয়ে অভিযান চালায় বন বিভাগ।
রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান জানান, বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে শিকারিরা পালিয়ে যায়। পরে বিলের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে পাঁচ হাজার কৃত্রিম বক ও তিন হাজার মিটার জাল জব্দ করা হয়। ধ্বংস করা হয় শতাধিক ফাঁদঘর। এ সময় আটটি জীবিত বক উদ্ধার করে মুক্ত করে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, জব্দ করা কৃত্রিম বক ও জাল এবং পাখি শিকারের ফাঁদঘরগুলো ধ্বংস করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








