রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানার সাজা বহাল রেখেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, রামিসাকে নৃশংস ও অস্বাভাবিক প্রক্রিয়ায় হত্যা করা হয়েছে। এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
এর আগে গত সোমবার (১৬ নভেম্বর) ডেথ রেফারেন্স ও আসামিদের জেল আপিলের ওপর শুনানি শেষে রায় ঘোষণার জন্য মঙ্গলবার দিন ধার্য করেন হাইকোর্ট।
মামলার দুই আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না খাতুনের জেল আপিল ১৪ জুন শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট। এর তিন দিন আগে ১১ জুন কারা কর্তৃপক্ষের মাধ্যমে তাঁরা আপিল করেন। অন্যদিকে, তাঁদের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার নথি ৯ জুন হাইকোর্টে পাঠানো হয়।
গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে সোহেল রানাকে পাঁচ লাখ টাকা এবং স্বপ্না খাতুনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ রামিসার আইনগত উত্তরাধিকারীদের দেওয়ার নির্দেশ দেন আদালত।
রায়ের নির্দেশনায় বলা হয়, আসামিরা জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে কালেক্টরেট অফিস তাঁদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোক ও বিক্রি করে সেই অর্থ রামিসার আইনগত উত্তরাধিকারীদের দিতে পারবে।
মামলার অভিযোগ অনুযায়ী, গত ১৯ মে সকালে রাজধানীর মিরপুরের পল্লবীতে প্রতিবেশী এক ভাড়াটিয়ার ফ্ল্যাটে ধর্ষণের পর হত্যা করা হয় শিশু রামিসাকে। পরদিন তাঁর বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ২৪ মে আদালতে অভিযোগপত্র জমা দেয়।
হাইকোর্টের এ রায়ের মধ্য দিয়ে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচারিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অগ্রগতি হলো।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








