দিনাজপুরের পার্বতীপুর-সৈয়দপুর আঞ্চলিক মহাসড়কে স্পিড ব্রেকার (গতিরোধক) অতিক্রম করার সময় যাত্রীবাহী একটি মিনিবাস উল্টে অন্তত ২৫ জন আহত হয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) সকাল ৯টার দিকে খলনা সিআই মোল্ডিং বিডব্লিউডি চ্যাম্পিয়ন ও বিপি ম্যানুফ্যাকচারিং কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের স্থানীয়দের সহযোগিতায় পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সৈয়দপুরের ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, আহতদের মধ্যে কয়েকজনের হাত, পা ও মাথায় গুরুতর আঘাত লেগেছে।
দুর্ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১৫ সেকেন্ডের একটি ভিডিওতে বাসটি উল্টে পড়ে থাকতে দেখা যায়। এ ঘটনায় মা ইলেকট্রনিকস-২-এর সাটার, থাইগ্লাস ও দুটি অটোরিকশার ভ্যান ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় মনপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক জাকির হোসেন জাকি ও প্রকাশ চন্দ্র রায় বলেন, কোম্পানির সামনে পরপর দুটি স্পিড ব্রেকার থাকায় প্রতিদিনই তিন থেকে চারটি দুর্ঘটনা ঘটছে। স্পিড ব্রেকার অতিক্রম করতে গিয়ে যানবাহনের চালকেরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে মোটরসাইকেল আরোহী, ভ্যানচালক ও অটোরিকশার যাত্রীরা প্রায়ই আহত হচ্ছেন। তাঁদের দাবি, এ ধরনের দুর্ঘটনায় ইতিমধ্যে দুজনের মৃত্যু হয়েছে।
মা ইলেকট্রনিকস-২-এর স্বত্বাধিকারী মিলন মিয়া বলেন, দুটি স্পিড ব্রেকার স্থাপনের আগে এখানে কোনো দুর্ঘটনা ঘটেনি। কিন্তু এগুলো স্থাপনের পর প্রায়ই দুর্ঘটনা ঘটছে। ২০ থেকে ২৫ গজের মধ্যে একই স্থানে দুটি স্পিড ব্রেকার কেন রাখা হয়েছে, তা তাঁদের বোধগম্য নয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, পার্বতীপুর-রংপুর আঞ্চলিক মহাসড়কে এ্যাফেক রেসিডেনসিয়াল মডেল স্কুলের সামনে ২০ গজের মধ্যে পরপর তিনটি এবং খোলাহাটি নার্সিং ইনস্টিটিউটের সামনে ২৫ গজের মধ্যে দুটি স্পিড ব্রেকার রয়েছে। এসব স্পিড ব্রেকারের উচ্চতা ও অবস্থান নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, এসব গতিরোধকের কারণে যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে নিয়মিত দুর্ঘটনা ঘটছে।
এ বিষয়ে এ্যাফেক রেসিডেনসিয়াল মডেল স্কুলের প্রধান শিক্ষক আরাফাত জামিল বলেন, ২০১৮ সালে তাঁরা সড়ক ও জনপথ অধিদপ্তরে আবেদন করেছিলেন। তাঁর দাবি, আগে দুর্ঘটনা বেশি ঘটলেও স্পিড ব্রেকার স্থাপনের পর তা কিছুটা কমেছে। স্কুলের শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই এসব গতিরোধক স্থাপন করা হয়েছিল।
তিনি জানান, ২০২৫ সালের ২৯ জুলাই স্কুলের প্যাডে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্কুলের সামনে গতিরোধক স্থাপনের জন্য আবেদন করা হয়। পরে সড়ক ও জনপথ অধিদপ্তর সেখানে তিনটি স্পিড ব্রেকার স্থাপন করে।
তবে এসব গতিরোধকের কারণে দুর্ঘটনার অভিযোগও রয়েছে। ২০২৬ সালের ২২ ফেব্রুয়ারি বেলা ১টার দিকে এ্যাফেক রেসিডেনসিয়াল মডেল স্কুলের সামনে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আহত হন পঞ্চগড় জেলা শিক্ষা অধিদপ্তরের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) কর্মকর্তা আবদুল করিম (৩৫)। একইভাবে ২০ মার্চ বাসুপাড়া গ্রামের রবিউল ইসলাম বাবু ভ্যান থেকে পড়ে গুরুতর আহত হন। পরে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজ বলেন, মানুষের নিরাপত্তার জন্যই স্পিড ব্রেকার স্থাপন করা হয়। কিন্তু সেই স্পিড ব্রেকারই যদি দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়, তাহলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে হবে। বিডব্লিউডি কোম্পানির সামনে থাকা রাবারের স্পিড ব্রেকার যথাযথ নিয়মে স্থাপন করা হয়েছে কি না, তা যাচাই করা প্রয়োজন। এ ছাড়া এ্যাফেক স্কুল ও খোলাহাটি নার্সিং ইনস্টিটিউটের সামনের স্পিড ব্রেকারগুলোর বিষয়েও সড়ক ও জনপথ অধিদপ্তরকে জানানো হবে।
দিনাজপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামান বলেন, পার্বতীপুর-সৈয়দপুর ও পার্বতীপুর-রংপুর আঞ্চলিক মহাসড়কের স্পিড ব্রেকার অপসারণের বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। মহাসড়কে এসব স্পিড ব্রেকার কীভাবে স্থাপন করা হয়েছে, তা খতিয়ে দেখা হবে। পথচারীদের দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ানো স্পিড ব্রেকার অপসারণ করাই ভালো বলে তিনি মনে করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








