বগুড়ার কাহালু উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে উপজেলার পাইকড় ইউনিয়নের পাঞ্জুয়াপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—পাইকড় ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ও ভাটহালি গ্রামের বাসিন্দা আব্দুল বাছেদ (৭০) এবং একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ও পাইকড় গ্রামের বাসিন্দা বাবর আলী (৭০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টা ১০ মিনিটের দিকে আব্দুল বাছেদ ও বাবর আলী একটি মোটরসাইকেলে করে পাঞ্জুয়াপাড়া গ্রামের শাজাহান কাজীর বাড়ির সামনের সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুজনই ট্রাকের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে কাহালু থানার উপপরিদর্শক (এসআই) নুর ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
একই ইউনিয়নের দুই জনপ্রতিনিধির এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








