জাতীয় দল থেকে মেসি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেও ফুটবলার মেসিকে এখনই বিদায় জানাতে রাজি নন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। বরং তার বিশ্বাস, ২০৩০ সালের পরও মাঠে দেখা যেতে পারে আটবারের ব্যালন ডি’অরজয়ী এই মহাতারকাকে।
বাংলাদেশ সময় আগামীকাল ভোর পাঁচটায় কোস্টারিকার মুখোমুখি হবে আর্জেন্টিনা। সেই প্রীতি ম্যাচ সামনে রেখে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘‘আমার মনে হয়, সে ২০৩০ সালের পরও খেলা চালিয়ে যাবে। সে জাতীয় দলের হয়ে আর না খেলার সিদ্ধান্ত নিয়েছে ঠিকই, কিন্তু আমি চাই, একজন ফুটবলার হিসেবে যত দিন সম্ভব সে খেলা চালিয়ে যাক।’’
মেসিকে আর্জেন্টিনার ড্রেসিংরুমেও অন্য কোনো ভূমিকায় দেখার সম্ভাবনাও উড়িয়ে দেননি স্কালোনি। বরং সহকারী কোচ ওয়াল্টার স্যামুয়েল কোচিং স্টাফ ছেড়ে নিজের ক্যারিয়ার গড়তে যাওয়ার প্রসঙ্গ টেনে মজা করেই বলেছেন, ‘‘সে (মেসি) যদি এখানে আসতে চায়, কোনো সমস্যা নেই। এখন তো ওয়াল্টারও এখানে নেই...।’’
আপাতত তিনি চান, আর্জেন্টিনার সর্বকালের অন্যতম সেরা এই ফুটবল তারকা যত দিন সম্ভব ফুটবলটা উপভোগ করুন।
মেসি ও আনহেল দি মারিয়ার মতো অভিজ্ঞদের অনুপস্থিতিতে নতুন খেলোয়াড়দের পরখ করে নিতে চান স্কালোনি।
তবে তাদের জায়গা পূরণ করা যে সহজ নয়, সেটাও স্বীকার করেছেন তিনি, ‘‘প্রথম চক্রের তুলনায় এখন হয়তো আমাদের ভিত্তিটা আরও শক্ত। মেসি ও দি মারিয়ার মতো গ্রেট খেলোয়াড়েরা আর আমাদের সঙ্গে নেই। তাদের রেখে যাওয়া শূন্যস্থান পূরণ করতে হবে। তবে আসলে তাদের জায়গা নেওয়া কারও পক্ষে সম্ভব নয়।’’
তিনি জানান, কারণ, তারা বিশ্বসেরাদের মধ্যে ছিলেন। তবে আমরা এমন তরুণ খেলোয়াড়দের দিয়ে সেই শূন্যস্থান পূরণের চেষ্টা করতে পারি, যারা আমাদের সঙ্গে দীর্ঘদিন থাকবে বলে আমরা বিশ্বাস করি। এটাই চ্যালেঞ্জ। আমাদের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে হবে। তবে সেটা কখন সম্ভব হবে, জানি না।’’
কোস্টারিকার কোচের দায়িত্বে আছেন দেশটির সাবেক তারকা ব্রায়ান রুইজ। কর্দোবার মারিও আলবের্তো কেম্পেস স্টেডিয়ামে তার দলের বিপক্ষে ম্যাচটি আর্জেন্টিনার ২০২৬ সালের শেষ ম্যাচ। জয় দিয়ে বছর শেষ করতে চায় বিশ্ব চ্যাম্পিয়নরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








