শরীয়তপুরের জাজিরায় স্বামীর বাড়িতে নুরুন্নাহার বেগম (২৩) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শ্বশুরবাড়ির লোকজন তার মৃত্যুর কারণ স্ট্রোক বললেও গলায় ফাঁসের দাগ দেখেছেন স্বজনেরা। এ ছাড়া বাড়ির পেছনে প্রায় চার ফুট গভীর একটি খোঁড়া গর্ত পাওয়ায় সন্দেহ আরও বেড়েছে।
সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার জয়নগর ইউনিয়নের পশ্চিম ছাব্বিশ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নুরুন্নাহার একই ইউনিয়নের উত্তর কেবল নগর খানকান্দি এলাকার আক্কাস মাদবরের মেয়ে। তার স্বামী মোক্তার মাদবর।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার রাতে স্বামীর সঙ্গে একই কক্ষে ঘুমাতে যান নুরুন্নাহার। রাত আনুমানিক ১২টার দিকে স্বামী পাশের কক্ষ থেকে ভাবী পারভীন বেগমকে (২৫) ডেকে এনে নুরুন্নাহারকে তেল-পানি দিতে বলেন। কিছুক্ষণ পর তার বাবার বাড়িতে ফোন করে জানানো হয়, নুরুন্নাহার স্ট্রোক করেছেন। স্বজনেরা গিয়ে তার গলায় ফাঁসের দাগ দেখতে পান। পরে পুলিশকে খবর দেন।
এদিকে বাড়ির পেছনে চার ফুট গভীর একটি গর্ত খোঁড়া অবস্থায় দেখতে পান স্বজনেরা। তাদের আশঙ্কা, মরদেহ মাটিচাপা দেওয়ার উদ্দেশ্যে গর্তটি খোঁড়া হয়ে থাকতে পারে। তবে গর্তটি খোঁড়ার কারণ বা মৃত্যুর সঙ্গে এর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে জাজিরা থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করে।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় এক বছর ছয় মাস আগে মোক্তার মাদবরের সঙ্গে নুরুন্নাহারের বিয়ে হয়। তাদের এক মাস আট দিন বয়সী একটি ছেলে রয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, নুরুন্নাহারকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে। এ ঘটনায় তারা স্বামীকে সন্দেহ করছেন। ঘটনার পর থেকে স্বামী ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন বলেও দাবি স্বজনদের।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ্ আহাম্মদ বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








