‘যুগ যুগ জিও তুমি, মওলানা ভাসানী’ স্লোগানে টাঙ্গাইলের সন্তোষে নানা কর্মসূচি ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম ওফাতবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ওফাতবার্ষিকী উপলক্ষে মওলানা ভাসানী ফাউন্ডেশনের উদ্যোগে মাজার প্রাঙ্গণে সাত দিনব্যাপী ঐতিহ্যবাহী ‘ভাসানী মেলা’ শুরু হয়েছে।
দিবসটি উপলক্ষে তার মাজার প্রাঙ্গণে সর্বস্তরের মানুষ ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ঢল নামে।
এদিন সকাল সাড়ে ৭টায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম ও প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক মো. আনিছুর রহমানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।
এরপর মওলানা ভাসানীর পরিবার, বিএনপি ও এর অঙ্গসংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এছাড়া বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন এই কিংবদন্তি জননেতা। ব্রিটিশবিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং ফারাক্কা লং মার্চসহ আজীবন তিনি শোষিত ও বঞ্চিত মানুষের অধিকার আদায়ে সংগ্রাম করেছেন। ১৯৭৬ সালের ১৭ নভেম্বর ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








