নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাছবোঝাই একটি ট্রাক উল্টে প্রায় ৮ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার পর ট্রাক থেকে গাছগুলো সড়কে ছড়িয়ে পড়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকেরা।
বুধবার (১৮ নভেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে চট্টগ্রামমুখী লেনে গাছবোঝাই ট্রাকটি উল্টে যায়। এতে ট্রাকে থাকা গাছগুলো মহাসড়কের ওপর ছড়িয়ে-ছিটিয়ে পড়ে। ফলে ওই লেনে যান চলাচল ব্যাহত হয়। একপর্যায়ে প্রায় ৮ কিলোমিটারজুড়ে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।
মেঘনাগামী নাফ পরিবহনের যাত্রী আকবর আলী বলেন, ‘মেঘনা যাওয়ার জন্য বাসে উঠেছি। কিন্তু দুর্ঘটনার কারণে সামনে যানবাহনের দীর্ঘ সারি দেখা যাচ্ছে। এক ঘণ্টার বেশি সময় ধরে একই জায়গায় বসে আছি।’
একই দুর্ভোগে পড়েছেন সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ব্যবসায়ী আমীর মিয়া। তিনি বলেন, ব্যবসার কাজে মেঘনার দিকে যাচ্ছেন। কিন্তু পথে তীব্র যানজটে আটকে পড়েছেন। কখন যানজট ছাড়বে, আর কখন গন্তব্যে পৌঁছাতে পারবেন, বুঝতে পারছেন না।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা বলেন, ভোরে একটি ট্রাক উল্টে গেলে সেটিতে থাকা গাছগুলো সড়কে ছড়িয়ে পড়ে। গাছ সরানোর জন্য সকালে শ্রমিক পাওয়া যাচ্ছিল না। কিছুক্ষণ আগে শ্রমিক পাওয়া গেছে। রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাকটিও সরানোর চেষ্টা চলছে।
সড়ক থেকে গাছ ও দুর্ঘটনাকবলিত ট্রাক সরানোর কাজ শেষ হলে যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা করছে পুলিশ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








