শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবিতে এবং আগামী ১৯ নভেম্বরের লকডাউন সফল করার আহ্বান জানিয়ে গোপালগঞ্জের কোটালীপাড়ায় দফায় দফায় মিছিল করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় দীর্ঘদিন বন্ধ থাকা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের তালা খুলে ভেতরে প্রবেশ করেন তাঁরা।
বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ ও মহিলা আওয়ামী যুবলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন।
পরে সকাল সাড়ে ১০টার দিকে নেতাকর্মীরা দীর্ঘদিন বন্ধ থাকা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের তালা খুলে ভেতরে প্রবেশ করেন। এ সময় তাঁরা ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দেন। এতে উপজেলা পরিষদ চত্বর মুখর হয়ে ওঠে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র এইচ এম অহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও সাবেক মেয়র মতিয়ার রহমান হাজরা, সাবেক জেলা পরিষদ সদস্য কামরুল ইসলাম বাদল, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল হান্নান শেখ, উপজেলা যুবলীগের সভাপতি ফজলুর রহমান দিপু, সাধারণ সম্পাদক বাবুল হাজরা, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খায়রুল রাজ্জাক খসরু, সাধারণ সম্পাদক বাবলু হাজরা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান মুন, সভাপতি স্বপন তালুকদার ও সাধারণ সম্পাদক শামীম দাড়িয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পরে নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে কারাবন্দী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র হাজী মো. কামাল হোসেনের বাড়িতে যান। সেখান থেকে ফিরে উপজেলা মুক্তিযোদ্ধা স্মৃতিফলক চত্বরে সমবেত হন তাঁরা।
এ সময় আগামী ১৯ নভেম্বরের লকডাউন শান্তিপূর্ণভাবে সফল করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক মেয়র মতিয়ার রহমান হাজরা বক্তব্যে বলেন, আগামীকালের লকডাউন সফল করার পাশাপাশি আগামী ডিসেম্বর মাসে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য কর্মসূচি ঘিরে সবাইকে সোচ্চার ও সচেতন থাকতে হবে। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সঙ্গে তাঁদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করেন।
এ সময় যুবলীগ ও ছাত্রলীগের নেতারাও লকডাউন কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








