জাতীয় যুব পুরস্কার ২০২৬-এ সফল আত্মকর্মী ক্যাটাগরিতে সারাদেশে দ্বিতীয় স্থান অর্জন করায় নাটোরের লালপুরের কৃতী সন্তান ও সফল উদ্যোক্তা আব্দুল মোত্তালেব রায়হানকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) লালপুর উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে স্থানীয় সাংবাদিকদের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
লালপুরে কর্মরত সাংবাদিকদের পক্ষে থানা কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ ইমাম হাসান মুক্তির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মো. মেশকাতুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সালাহ উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবীর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রীতম কুমার হোড়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল্লাহ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসিত কুমার পাল, উপজেলা সমবায় কর্মকর্তা ইবনে জামান মো. ফয়জুল কবীর ও উপজেলা বন কর্মকর্তা এ বি এম আব্দুল্লাহ।
এ ছাড়া বক্তব্য দেন লালপুর উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা এ এস এম মোকাররেবুর রহমান নাসিম, প্রকীর্তি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জালাল উদ্দীন বাবু, থানা কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ কে আজাদ সেন্টু এবং উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সজিবুল ইসলাম।
বক্তারা বলেন, আব্দুল মোত্তালেব রায়হানের এ অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং পুরো লালপুর উপজেলার জন্য গৌরব ও সম্মানের। তাঁর সাফল্য এলাকার তরুণদের আত্মনির্ভরশীল হতে এবং উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে অনুপ্রাণিত করবে।
তাঁরা আরও বলেন, কর্মসংস্থান সৃষ্টি ও আত্মকর্মসংস্থানের মাধ্যমে দেশের অর্থনীতিতে তরুণ উদ্যোক্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রায়হানের এ অর্জন স্থানীয় যুবসমাজের সামনে একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।
অনুষ্ঠানে লালপুর উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








