মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকের আগে পশ্চিমা নিষেধাজ্ঞা ও বাণিজ্য সংরক্ষণবাদের বিরুদ্ধে অবস্থান স্পষ্ট করলেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বুধবার চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনে দেওয়া বক্তব্যে দুজনই বর্তমান বিশ্বব্যবস্থার সমালোচনা করেন। তাঁদের বক্তব্যের মধ্য দিয়ে বৃহস্পতিবারের বহুল আলোচিত ত্রিপক্ষীয় বৈঠকের রাজনৈতিক আবহও স্পষ্ট হয়ে উঠেছে।
ট্রাম্পের চীন সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব হতে যাচ্ছে শি ও পুতিনের সঙ্গে তার বৈঠক। ইউক্রেন যুদ্ধ, ইরানে যুক্তরাষ্ট্রের যুদ্ধ, বাণিজ্য বিরোধ, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং পারমাণবিক অস্ত্র—সবই আলোচনার সম্ভাব্য বিষয়। তবে এই বৈঠক ঘিরে কেবল তিন নেতার দ্বিপক্ষীয় সম্পর্ক নয়, বরং আন্তর্জাতিক ক্ষমতার ভারসাম্য নিয়েও প্রশ্ন উঠছে।
তিন নেতার বৈঠককে ইতিমধ্যে ১৯৪৫ সালের ‘ইয়াল্টা সম্মেলনে’র সঙ্গে তুলনা করা হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সোভিয়েত ইউনিয়নের নেতারা ইয়াল্টায় বসে যুদ্ধ-পরবর্তী বিশ্বব্যবস্থা ও নিজেদের প্রভাববলয় নিয়ে আলোচনা করেছিলেন। এবারের বৈঠকেও বিশ্বের প্রধান সামরিক শক্তিগুলো নিজেদের মধ্যে এমন কোনো সমঝোতায় পৌঁছাতে পারে কি না, তা নিয়ে উদ্বিগ্ন ইউরোপ ও এশিয়ার অপেক্ষাকৃত ছোট দেশগুলো। তাদের আশঙ্কা, বড় শক্তিগুলোর স্বার্থের হিসাব-নিকাশে ছোট দেশগুলোর নিরাপত্তা ও সার্বভৌমত্ব উপেক্ষিত হতে পারে।
মুক্ত বাণিজ্যের বার্তা, কিন্তু চীনের স্বার্থও স্পষ্ট
এপেক সম্মেলনে দেওয়া উদ্বোধনী বক্তব্যে সি চিন পিং মুক্ত ও উন্মুক্ত বাণিজ্যের পক্ষে অবস্থান নেন। তার বক্তব্যে চীনকে আন্তর্জাতিক অর্থনীতির স্থিতিশীল ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে তুলে ধরার চেষ্টা ছিল। এর বিপরীতে যুক্তরাষ্ট্রের বাণিজ্যনীতি ও ট্রাম্পের শুল্ক আরোপের কৌশলকে পরোক্ষভাবে প্রশ্নবিদ্ধ করেছেন তিনি।
শি বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থাকে কেন্দ্র করে নিয়মভিত্তিক বহুপক্ষীয় বাণিজ্যব্যবস্থা বজায় রাখতে হবে। মুক্ত বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি বৈশ্বিক শিল্প ও সরবরাহব্যবস্থার স্থিতিশীলতাও নিশ্চিত করা জরুরি।
তবে এই বক্তব্য এসেছে এমন এক সময়ে, যখন যুক্তরাষ্ট্র চীনের প্রযুক্তিগত অগ্রগতি সীমিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে। এনভিডিয়ার মতো প্রতিষ্ঠানের তৈরি উন্নত এআই চিপে চীনের প্রবেশাধিকার আরও কঠোর করার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। এতে দুই দেশের মধ্যে নাজুক বাণিজ্যসমঝোতা আবারও চাপে পড়তে পারে। বেইজিংও পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।
চীনের বিশাল বাণিজ্য উদ্বৃত্ত নিয়েও দীর্ঘদিন ধরে অভিযোগ জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো। তাদের মতে, রাষ্ট্রীয় সহায়তায় চীনের উৎপাদন খাত দ্রুত সম্প্রসারিত হচ্ছে, যার ফলে অন্য দেশের শিল্প ও কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ সরবরাহব্যবস্থায় চীনের আধিপত্য দেশটিকে আন্তর্জাতিক রাজনীতিতে বাড়তি প্রভাব বিস্তারের সুযোগ করে দিচ্ছে।
এসব সমালোচনার জবাবে সি বলেছেন, চীন শিল্প ও প্রযুক্তিতে বিনিয়োগ অব্যাহত রাখবে। একই সঙ্গে শুল্ক কমিয়ে নিজেদের বাজার আরও উন্মুক্ত করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, একতরফাবাদ ও বাণিজ্য সংরক্ষণবাদের বিরুদ্ধে চীন অবস্থান নেবে।
এশিয়া গ্রুপের ডিজিটালবিষয়ক বিভাগের প্রধান জর্জ চেন মনে করেন, শির এই বক্তব্য বৈশ্বিক দক্ষিণের অনেক দেশের কাছে গ্রহণযোগ্য হতে পারে। ওয়াশিংটনের প্রযুক্তিনীতি থেকে নিজেদের আলাদা করে তুলে ধরার কৌশল হিসেবেও এটি
বেইজিংয়ের জন্য গুরুত্বপূর্ণ।
নিষেধাজ্ঞা রাশিয়াকে দুর্বল করতে পারেনি: পুতিন
সির পর বক্তব্য দেন পুতিন। ইউক্রেনের হামলায় রাশিয়ার সঙ্গে ক্রিমিয়ার সংযোগকারী গুরুত্বপূর্ণ কের্চ সড়কসেতু ক্ষতিগ্রস্ত হওয়ার পরদিনই তিনি এ বক্তব্য দেন। চার বছর ধরে চলা যুদ্ধে সেতুটিতে হামলাকে মস্কোর জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
পুতিনের বক্তব্যে পশ্চিমা নিষেধাজ্ঞার বিরুদ্ধে পুরোনো অবস্থানই আবার সামনে এসেছে। তিনি পশ্চিমা শক্তিগুলোকে ‘সাবেক আধিপত্যবাদী’ হিসেবে উল্লেখ করেন। তার দাবি, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর পশ্চিমা দেশগুলো যে নিষেধাজ্ঞা আরোপ করেছে, তা প্রত্যাশিত ফল দিতে পারেনি। বরং রাশিয়া আরও শক্তিশালী হয়েছে। ইউরোপও তাঁর ভাষায়, ‘অপমানজনক পতনের’ দিকে এগোচ্ছে।

পুতিন বলেন, অর্থনৈতিক আধিপত্য ও চাপ প্রয়োগের প্রচলিত কৌশলগুলোর কার্যকারিতা কমে আসছে। নিষেধাজ্ঞা, শুল্ক ও রপ্তানি নিয়ন্ত্রণ কিছুটা বাধা তৈরি করতে পারে, কিন্তু এগুলো দিয়ে কোনো দেশের প্রবৃদ্ধি থামানো কিংবা প্রতিদ্বন্দ্বী অর্থনীতিকে ধ্বংস করা সম্ভব নয়।
পরে শি ও পুতিনের দ্বিপক্ষীয় বৈঠকেও দুই নেতার ঘনিষ্ঠতার বিষয়টি উঠে আসে। আন্তর্জাতিক অঙ্গনে তাদের অংশীদারত্বকে ‘স্থিতিশীল ও ইতিবাচক’ হিসেবে বর্ণনা করেন তারা। বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠায় আরও পদক্ষেপ নেওয়ার অঙ্গীকারও করেন।
ছোট দেশগুলোর উদ্বেগ, বড় শক্তির হিসাব
শেনজেনে যখন শি ও পুতিন নিজেদের অবস্থান তুলে ধরছেন, তখন ম্যানিলায় ট্রাম্প ফিলিপাইনের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি দিচ্ছেন। দক্ষিণ চীন সাগরের বিতর্কিত জলসীমা নিয়ে চীন ও ফিলিপাইনের মধ্যে উত্তেজনার প্রেক্ষাপটে এই ঘোষণা গুরুত্বপূর্ণ। চীনে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনার কথাও বলেছেন ট্রাম্প। তবে এমন বৈঠকের বিষয়টি এখনো নিশ্চিত নয়।
এদিকে মঙ্গলবার তাইওয়ান ও জাপান জানিয়েছে, তাদের আকাশসীমার কাছে রুশ সামরিক বিমানের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। ফলে তিন নেতার বৈঠকের আগে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিও নতুন করে আলোচনায় এসেছে।
‘ইয়াল্টা সম্মেলনে’র সঙ্গে এবারের বৈঠকের তুলনা নাকচ করেছে ক্রেমলিন। তাদের ভাষায়, এ ধরনের তুলনা রাজনৈতিক বিশ্লেষকদের তৈরি করা কল্পনা। তবে বৈঠকটি আন্তর্জাতিক রাজনীতিতে বড় প্রভাব ফেলবে বলে স্বীকার করেছে মস্কো। বেইজিংয়ের বক্তব্য, এই আলোচনা বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।
পুতিনও বলেছেন, বর্তমান বিশ্ব অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। তবে দেশগুলোর মধ্যে মতপার্থক্য আলোচনার টেবিলে বসেই মেটানো সম্ভব। তিন নেতার আসন্ন বৈঠক থেকে বড় ধরনের সুফল পাওয়ার আশা প্রকাশ করেছেন তিনি।
কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, এই আলোচনা কি সত্যিই আন্তর্জাতিক সহযোগিতার নতুন পথ খুলবে, নাকি বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর মধ্যে প্রভাববলয় ভাগাভাগির আরেকটি উদ্যোগ হয়ে উঠবে? শেনজেনের বৈঠকের দিকে তাই শুধু ওয়াশিংটন, মস্কো ও বেইজিং নয়, নজর রাখছে বিশ্বের ছোট ও মাঝারি শক্তির দেশগুলোও।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








