ঝিনাইদহের শৈলকুপায় শেখপাড়া-লাঙ্গলবাঁধ আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্পের আওতায় অধিগ্রহণ করা জমির ৩২টি স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।
বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বসন্তপুর ও রামজয়পুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সওজ সূত্রে জানা যায়, শেখপাড়া-লাঙ্গলবাঁধ সড়ক প্রশস্তকরণের জন্য বাড়ি ও দোকানসহ ৩২টি স্থাপনা চিহ্নিত করা হয়। ক্ষতিগ্রস্ত মালিকদের সরকারিভাবে উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। পরে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সওজ কর্মকর্তাদের উপস্থিতিতে এক্সকাভেটর দিয়ে স্থাপনাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়। এরপর স্থাপনাগুলোর মালামাল প্রকাশ্য নিলামে বিক্রি করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন সওজের খুলনা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট পিযুস চন্দ্র দে, ঝিনাইদহ সওজের নির্বাহী প্রকৌশলী তুহিন আল মামুন, শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান, সওজের উপবিভাগীয় প্রকৌশলী জিয়া উদ্দিন, সহকারী প্রকৌশলী ও স্টাফ অফিসার আহসান উল কবির এবং উপসহকারী প্রকৌশলী হাসান আল মামুনসহ অন্য কর্মকর্তারা।
ঝিনাইদহ সওজের সহকারী প্রকৌশলী আহসান উল কবির বলেন, শেখপাড়া-লাঙ্গলবাঁধ জেলা সড়ক প্রশস্তকরণ, মজবুতকরণ ও বাঁক সরলীকরণ প্রকল্পের সুবিধার্থে ২ দশমিক ৮০ একর জমিতে এ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।
তিনি আরও জানান, উচ্ছেদ করা ৩২টি স্থাপনার মালামাল তাৎক্ষণিক প্রকাশ্য নিলামে ৫ লাখ ১ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়েছে। অর্জিত অর্থ দ্রুত রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








