কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ডাকা কর্মসূচি ঘিরে এবং গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত অবস্থানে রয়েছে বলে জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান সংস্থাটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।
তিনি বলেন, গোপালগঞ্জ ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। সেখানে পুলিশ, আনসার ও বিজিবি মোতায়েন রয়েছে। পাশাপাশি এসআরবির দুটি ব্যাটালিয়ন—৬ ও ১০—সরাসরি দায়িত্বে নিয়োজিত। এই দুই ব্যাটালিয়নের সমন্বয়ে গঠিত একটি কম্পোজিট ফোর্স গোপালগঞ্জে দিনরাত কাজ করছে।
ইন্তেখাব চৌধুরী বলেন, কেউ নাশকতা বা সহিংসতা সৃষ্টির চেষ্টা করলে তা প্রতিহত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত অবস্থানে রয়েছে। এ ধরনের কর্মকাণ্ড ঠেকাতে তারা বদ্ধপরিকর।
এসআরবির এই মুখপাত্র আরও বলেন, শুধু গোপালগঞ্জ নয়, সারা দেশেই শান্তিশৃঙ্খলা বজায় রাখতে তাদের পক্ষ থেকে সার্বিক প্রচেষ্টা অব্যাহত থাকবে। বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণসহ যেকোনো ধরনের সংঘাত ও সহিংসতা প্রতিরোধে কাজ করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








