বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে প্রায় ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈধ পথে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের প্রবাহ বাড়ানো এবং রিজার্ভ শক্তিশালী করতে সরকার বিভিন্ন নীতিগত সংস্কার ও উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে এক সংসদ সদস্যের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য তুলে ধরেন।
প্রধানমন্ত্রী জানান, ২০২৪ সালের ৮ আগস্ট বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২৫ দশমিক ৯০ বিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে, ২০২৬ সালের ১৯ অক্টোবর পর্যন্ত রিজার্ভ বেড়ে প্রায় ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
তিনি বলেন, বিদেশে কর্মরত বাংলাদেশি কর্মীদের পাঠানো রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উৎস। এই খাতের প্রসারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি শ্রমিকদের বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছিলেন।
তিনি আরও বলেন, বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বাড়ানো, হুন্ডি প্রতিরোধ, অর্থ পাঠানোর প্রক্রিয়া সহজ করা এবং দ্রুত অর্থপ্রাপ্তি নিশ্চিত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
এ লক্ষ্যে দেশের তফসিলি ব্যাংক, বিদেশি এক্সচেঞ্জ হাউস ও মানি ট্রান্সফার অপারেটরগুলোর মধ্যে ড্রয়িং অ্যারেঞ্জমেন্ট স্থাপনের প্রক্রিয়া সহজ করা হয়েছে। এতে বিদেশ থেকে রেমিট্যান্স পাঠানোর নতুন সংযোগ স্থাপন সহজ হচ্ছে। পাশাপাশি প্রবাসীদের জন্য অর্থ পাঠানোর বিকল্প মাধ্যম বাড়ছে এবং প্রতিযোগিতা বৃদ্ধির ফলে অর্থ স্থানান্তরের খরচও কমছে।
প্রধানমন্ত্রী আরও জানান, বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করতে প্রবাসীদের পাঠানো অর্থের বিপরীতে সরকার নগদ সহায়তা বা প্রণোদনা দিয়ে আসছে। এ ছাড়া কম খরচে রেমিট্যান্স পাঠানোর সুযোগ তৈরিতে এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে সরাসরি গ্রাহকের বৈদেশিক মুদ্রার হিসাবে অর্থ পাঠানোর ব্যবস্থা চালু করতে বাংলাদেশ ব্যাংক সার্কুলার জারি করেছে।
রেমিট্যান্স প্রবাহ বাড়ানো ও তা অব্যাহত রাখতে নতুন ধারণা, প্রযুক্তি এবং বিকল্প মাধ্যম নিয়ে সরকারের উদ্ভাবনী কার্যক্রম চলমান রয়েছে বলেও সংসদকে জানান তারেক রহমান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








