শরীয়তপুরের জাজিরায় ফসলি জমিতে ককটেল বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন। তাদের মধ্যে নয়ন জমাদ্দার (৩০) নামে এক যুবকের অবস্থা গুরুতর। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার সেনেরচর ইউনিয়নের বালিয়াকান্দি এলাকায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল জমাদ্দারের বাড়ির পাশের একটি ফসলি জমিতে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন ওই এলাকার তারামিয়া জমাদ্দারের ছেলে নয়ন জমাদ্দার (৩০), মজিদ জমাদ্দারের ছেলে আনোয়ার জমাদ্দার (৫০) এবং আনোয়ার জমাদ্দারের ছেলে আরমান জমাদ্দার (১৭)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিস্ফোরণের পর আশপাশের লোকজন আহত তিনজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমিতে ককটেল রোদে শুকানোর সময় অসাবধানতাবশত বিস্ফোরণ ঘটে। তবে এর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
অন্যদিকে আহতদের স্বজনদের দাবি, এলাকায় দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছে। ঘটনার দিন তারা জমিতে গেলে প্রতিপক্ষের লোকজন তাদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। এতে তারা আহত হন। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি স্বজনেরা।
স্থানীয় কৃষক ছায়েদ জমাদ্দার বলেন, ‘আমি পাশের একটি ক্ষেতে কাজ করছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি, তিনজন আহত অবস্থায় পড়ে আছেন। তাদের মধ্যে নয়নের অবস্থা গুরুতর ছিল। পরে শুনেছি, তাদের ওপর বোমা নিক্ষেপ করা হয়েছে। তবে কারা বোমা নিক্ষেপ করেছে, তা আমি নিজে দেখিনি।’
এ বিষয়ে সেনেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল জমাদ্দার বলেন, ‘আমি বিষয়টি সম্পর্কে অবগত নই।’
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহাম্মদ বলেন, ‘আমরা ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








