প্রথম ইনিংসে ১৪ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। তবে রায়ান রিকেলটন ও কাগিসো রাবাদার দুর্দান্ত ব্যাটিংয়ে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে প্রোটিয়ারা। নবম উইকেটে ১১৭ রানের জুটি গড়ে শেষ পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে ১৫৭ রানের লিড নিয়ে ইনিংস শেষ করেছে তারা।
দিনের খেলা শুরুতে ৫৬ রানে অপরাজিত ছিলেন রিকেলটন, আর রাবাদার সংগ্রহ ছিল ৫ রান। ব্যাট হাতে দারুণ ধারাবাহিকতা দেখিয়ে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নেন রিকেলটন। অন্যদিকে, রাবাদাও ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি করে বাংলাদেশের বোলারদের ওপর চাপ বাড়ান।
রাবাদার অবশ্য ৩৮ রানেই আউট হওয়ার সুযোগ তৈরি হয়েছিল। তাসকিন আহমেদের বলে নাজমুল হোসেন শান্ত ক্যাচ নিতে ব্যর্থ হলে জীবন পান এই প্রোটিয়া পেসার।
রিকেলটন সাজঘরে ফেরার পর আগের দিন রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়া টেম্বা বাভুমা আবার ব্যাটিংয়ে নামেন। এক রান যোগ করেই ফিফটির দেখা পান তিনি।
এদিকে, রাবাদাকে ফিরিয়ে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন মেহেদী হাসান মিরাজ। আউট হওয়ার আগে মিরাজের পরপর দুই বলে দুটি ছক্কা হাঁকান রাবাদা। শেষ পর্যন্ত ৯৩ বলে ৭২ রান করে বিদায় নেন তিনি। তার ইনিংসে ছিল ১০টি চার ও ২টি ছক্কা।
শেষ উইকেটে ডেন প্যাটারসনকে নিয়ে আরও ৪৫ রান যোগ করেন বাভুমা। প্যাটারসন ১১ রানে থাকতেই হাসান মাহমুদের বলে তার লেগ স্টাম্প ভেঙে যায়। তবে সেটি নো বল হওয়ায় উইকেটটি পাননি হাসান। জীবন ফিরে পেয়ে পরের দুই ওভারে একটি ছক্কা ও একটি চার মারেন প্যাটারসন।
অবশেষে দলীয় ৫৫৭ রানে দক্ষিণ আফ্রিকার শেষ উইকেটের পতন ঘটে। ২৯ রান করে আউট হন প্যাটারসন। অন্যদিকে, ৬৮ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন অধিনায়ক টেম্বা বাভুমা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








