বিদেশে কর্মী পাঠানোর নামে প্রতারণা ও অর্থ আত্মসাৎ করা সিন্ডিকেটের সদস্যদের চিহ্নিত করে আইনের আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, অতীতে বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেটের দৌরাত্ম্য ব্যাপক আকার ধারণ করেছিল। এর ফলে কয়েকটি দেশ বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ কিংবা সীমিত করে দিয়েছিল।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের অষ্টম দিনের বৈঠকে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য কামরুল হাসানের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, অতীতে সিন্ডিকেটের মাধ্যমে বিদেশে কর্মী পাঠানোর কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে। পলাতক স্বৈরাচারের আমলে তাদের সংশ্লিষ্ট ব্যক্তিরা এ ধরনের প্রতারণা করেছেন। এসব ঘটনার কারণে কয়েকটি দেশ বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া প্রায় বন্ধ করে দেয়। কোনো কোনো দেশ কর্মী নেওয়া স্থগিত কিংবা কমিয়ে দেয়।
মালয়েশিয়ার শ্রমবাজার প্রসঙ্গে তারেক রহমান বলেন, বাংলাদেশ থেকে বিপুলসংখ্যক শ্রমিক দেশটিতে গেছেন। কয়েক দিন আগে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী জানিয়েছেন, মালয়েশিয়ার সঙ্গে আলোচনার মাধ্যমে এ সমস্যার সফল সমাধান করা সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, সামান্য কিছু খরচে প্রায় বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ তালিকায় বিগত স্বৈরাচারী সরকারের সময়ে গুম-খুনের শিকার এবং ২০২৪ সালের আন্দোলনে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের প্রায় এক হাজার সদস্যকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সঙ্গে কর্মী পাঠানোর বিষয়ে আলোচনা চলছে। এসব দেশের কয়েকটি নতুন করে বাংলাদেশ থেকে গাড়িচালকসহ বিভিন্ন পেশায় কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।
প্রধানমন্ত্রী বলেন, বিদেশে কর্মী পাঠানোর নামে যারা প্রতারণা করে মানুষের অর্থ আত্মসাৎ করছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করছে সরকার।
বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে সরকারি প্রণোদনা দেওয়া সম্ভব কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সংসদ সদস্য প্রণোদনার বিষয়টি তুলে ধরেছেন। তবে এ অর্থের উৎস কোথা থেকে আসবে, তা স্পষ্ট নয়। বিষয়টি বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হলে সরকার এ বিষয়ে উদ্যোগ নেওয়ার চেষ্টা করতে পারে।
এর আগে সম্পূরক প্রশ্নে সংসদ সদস্য কামরুল হাসান বলেন, বিদেশে যাওয়ার ক্ষেত্রে দালালদের প্রতারণার শিকার হয়ে অনেক মানুষ নিখোঁজ হচ্ছেন। অনেকে ১০ থেকে ১৫ লাখ টাকা খরচ করে ভুয়া ভিসায় বিদেশে পাড়ি জমাচ্ছেন। সরকার সরাসরি হস্তক্ষেপ করে কোন দেশে কতজন কর্মী নেওয়া হবে এবং বিদেশ যেতে কত টাকা খরচ হবে, তা নির্ধারণ করে প্রকাশ করলে সাধারণ মানুষ প্রতারণা থেকে রক্ষা পাবে।
তিনি আরও বলেন, সরকার বিদেশে যাওয়ার খরচ নির্ধারণের পাশাপাশি প্রয়োজনে প্রণোদনা দিলে গ্রামের সাধারণ মানুষ জমি বিক্রি কিংবা ঋণ নিয়ে অতিরিক্ত অর্থ ব্যয় করতে বাধ্য হবেন না। এতে একজন রিকশাচালকের সন্তানও দুই থেকে আড়াই লাখ টাকায় বিদেশে যাওয়ার সুযোগ পেতে পারে।
এদিকে রাজধানীর যানজট কমাতে মেট্রোরেলের পাশাপাশি মনোরেল চালুর বিষয়েও গুরুত্ব দিয়ে চিন্তাভাবনা করছে সরকার। একই সঙ্গে আগামী দুই মাসের মধ্যে ঢাকার ৫০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসম্পন্ন আধুনিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা পুরোপুরি চালু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।
সংসদ সদস্য আবুল কালাম বলেন, রাজধানীর যানজটের কারণে প্রতিবছর ৩৭ হাজার কোটি টাকারও বেশি আর্থিক ক্ষতি হচ্ছে। কর্মঘণ্টা নষ্ট হওয়া এবং অতিরিক্ত জ্বালানি খরচ এর অন্যতম কারণ। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর শহীদ জাহাঙ্গীর গেট থেকে সদরঘাট পর্যন্ত এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ট্রাফিক ব্যবস্থা চালুর ফলে আইন লঙ্ঘনের ঘটনা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত হচ্ছে। এতে দুর্ঘটনা ও যানজটও অনেকটা কমেছে।
তিনি ঢাকার সব প্রধান সড়ক এবং দেশের গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোকে এআই ট্রাফিক ব্যবস্থার আওতায় আনার বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
জবাবে তারেক রহমান বলেন, এ বিষয়ে নতুন করে নির্দেশনা দেওয়ার প্রয়োজন নেই। তিন মাস আগেই সংশ্লিষ্ট বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। ইতোমধ্যে ঢাকা শহরের ৫০টি গুরুত্বপূর্ণ স্থানে এআই ক্যামেরাসংবলিত নতুন ট্রাফিক সিগন্যাল লাইট স্থাপনের কাজ চলছে।
তিনি জানান, রাজধানীর বিভিন্ন স্থানে নতুন সিগন্যাল লাইট স্থাপন করা হলেও সেগুলো এখনো পূর্ণাঙ্গভাবে চালু হয়নি। তবে আগামী দুই মাসের মধ্যে এসব সিগন্যাল কার্যকর হবে বলে সরকার আশা করছে। এগুলো চালু হলে ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনায় পরিবর্তন আসবে এবং যানজট অনেকটাই কমবে বলে মনে করেন তিনি।
বিশ্বের অন্যান্য জনবহুল রাজধানীর যানজট পরিস্থিতির উদাহরণ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বড় শহরগুলোতে সাধারণত সকালে অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান শুরুর সময় এবং বিকেলে ছুটির সময়ে দুই থেকে চার ঘণ্টা পর্যন্ত যানজট দেখা যায়। ঢাকাতেও এ ধরনের পরিস্থিতি রয়েছে। তবে নগরবাসীর ভোগান্তি যতটা সম্ভব কমিয়ে আনতে সরকার কাজ করে যাচ্ছে।
এ ছাড়া রাজধানীর গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করতে মেট্রোরেলের পাশাপাশি মনোরেল চালুর বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলেও জানান প্রধানমন্ত্রী।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








