মহান মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠ শহিদ হামিদুর রহমানের একমাত্র জীবিত ছোট ভাই হামজুর রহমান মারা গেছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর মঙ্গলবার রাতে সিএমএইচে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বুধবার (১৮ নভেম্বর) জোহরের নামাজের পর ঝিনাইদহের মহেশপুর উপজেলার খর্দখালিশপুর গ্রামে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন। এ সময় ঝিনাইদহের জেলা প্রশাসক মো. নোমান হোসেন উপস্থিত ছিলেন। বিভিন্ন সংগঠন ও জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়াতের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
হামজুর রহমানের মৃত্যুতে জেলা বিএনপি, সিপিবি, বাসদসহ বিভিন্ন প্রগতিশীল সংগঠন এবং জেলা প্রশাসন গভীর শোক প্রকাশ করেছে।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মহান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত এ পরিবারের প্রতি তাদের শ্রদ্ধা ও ভালোবাসা অবিচ্ছেদ্য। তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং শোক সহ্য করার শক্তি কামনা করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








