আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য নতুন এক গৌরবের উপলক্ষ তৈরি করেছেন ফাতিহা আয়াত। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ইউথ ক্লাবসের (ডব্লিউওয়াইসি) ‘প্রমিস অ্যাওয়ার্ডস ২০২৬’-এ ‘ইয়ুথ অব দ্য ইয়ার’ সম্মাননা অর্জন করেছেন তিনি। চূড়ান্ত পর্বে গুয়াতেমালা, যুক্তরাজ্য ও মেক্সিকোর তিন প্রতিযোগীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে এই স্বীকৃতি পান বাংলাদেশের এই তরুণী।
চূড়ান্ত তালিকায় ফাতিহার সঙ্গে ছিলেন গুয়াতেমালার কারেন আবিগাইল, যুক্তরাজ্যের অ্যাডাম হেনসন এবং মেক্সিকোর এলিসমা আদামারি। ফাতিহার নামের পাশে ছিল বাংলাদেশের পাশাপাশি তার উদ্যোগ ‘জিরো অলিম্পিয়াড’-এর পরিচয়। রবিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই অর্জনের খবর জানান তিনি। তার ভাষায়, ‘এই বিজয় শুধু তার একার নয়, বাংলাদেশেরও গৌরব।’
ফাতিহার এই স্বীকৃতির পেছনে রয়েছে শিশু অধিকার, জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন নিয়ে দীর্ঘদিনের সক্রিয়তা। ছোটবেলা থেকেই এসব বিষয়ে আন্তর্জাতিক পরিসরে কথা বলে আসছেন তিনি। মাত্র সাত বছর বয়সে জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনে বক্তব্য দিয়ে আলোচনায় আসেন। পরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, টেডএক্স আয়োজন এবং জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক) সভাকক্ষেও বক্তব্য দেন।
২০২৩ সালে শিশু অধিকার সুরক্ষা ও টেকসই উন্নয়নে ভূমিকার স্বীকৃতি হিসেবে জাতিসংঘের কাছ থেকে ‘হিউম্যান রাইটস হিরো অ্যাওয়ার্ড’ পান ফাতিহা। ঢাকায় অবস্থিত আগা খান একাডেমির প্রকাশিত এক পরিচিতিমূলক প্রতিবেদনে তাঁর এসব কাজ ও অর্জনের কথা তুলে ধরা হয়েছে।
জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে তরুণদের সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে ফাতিহার উদ্যোগ ‘জিরো অলিম্পিয়াড’। দারিদ্র্য, ক্ষুধা ও কার্বন নিঃসরণের মতো বৈশ্বিক সমস্যাকে শূন্যের কোঠায় নামিয়ে আনার ধারণাকে সামনে রেখে এটি একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা। ২০২৫ সালের ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এর চূড়ান্ত পর্বে আট হাজারের বেশি অংশগ্রহণকারীর মধ্য থেকে নির্বাচিত ১৭ জন প্রতিযোগী নিজেদের সমাধানভিত্তিক পরিকল্পনা উপস্থাপন করেন।

ফাতিহা ‘CHIL&D’ নামের একটি সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা। জলবায়ু, স্বাস্থ্য, তথ্য, শিক্ষা ও উন্নয়ন নিয়ে কাজ করে সংগঠনটি। বিশেষ করে শিশুদের অধিকার, পরিবেশগত ঝুঁকি এবং দূষণ মোকাবিলায় সচেতনতা ও উদ্যোগ গড়ে তোলাই এর কাজের অন্যতম লক্ষ্য।
ওয়ার্ল্ড ইউথ ক্লাবসের ‘ইয়ুথ অব দ্য ইয়ার’ পুরস্কার ১৩ থেকে ১৯ বছর বয়সী তরুণদের নেতৃত্ব, উদ্যোগ, দায়িত্বশীলতা, ব্যক্তিগত অগ্রগতি এবং সমাজের সঙ্গে সম্পৃক্ততার স্বীকৃতি দেয়। সংস্থাটির প্রকাশিত মানদণ্ডে দীর্ঘমেয়াদি নেতৃত্ব, ইতিবাচক আচরণ এবং নিজস্ব সংগঠন ও বৃহত্তর সমাজে ভূমিকা রাখার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।
ডব্লিউওয়াইসির তথ্য অনুযায়ী, সংস্থাটির কার্যক্রম ৮৫টির বেশি দেশে বিস্তৃত। তাদের সঙ্গে যুক্ত রয়েছে ৪ হাজার ৫০০টির বেশি সহযোগী ক্লাব এবং এসব কার্যক্রমের মাধ্যমে সেবা পেয়েছে ১৫ লাখের বেশি তরুণ। সংস্থাটির অন্যতম আন্তর্জাতিক স্বীকৃতি আয়োজন এই প্রমিস অ্যাওয়ার্ডস, যার মাধ্যমে তরুণ, যুব উন্নয়নমূলক সংগঠন, কর্মসূচি ও পেশাজীবীদের কাজকে সামনে আনা হয়।
ফাতিহার এই অর্জন তাই কেবল একটি ব্যক্তিগত পুরস্কার পাওয়ার ঘটনা নয়; শিশু অধিকার, জলবায়ু ও টেকসই উন্নয়নের মতো বৈশ্বিক বিষয়ে বাংলাদেশের একজন তরুণের কাজ আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার ঘটনাও। বিশ্বজুড়ে তরুণদের অংশগ্রহণ ও নেতৃত্বের গুরুত্ব যখন ক্রমেই বাড়ছে, তখন ফাতিহার এই স্বীকৃতি বাংলাদেশের নতুন প্রজন্মের সামনে সম্ভাবনার একটি দৃষ্টান্ত হয়ে উঠেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








