দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা জেলাজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে উন্নয়ন, সামাজিক পরিবর্তন ও নতুন সম্ভাবনার প্রত্যাশায় উচ্ছ্বসিত স্থানীয় বাসিন্দারা। সংশ্লিষ্টদের পক্ষ থেকে ইতিমধ্যেই শহরের সৌন্দর্য বর্ধন, সভাস্থল ও সার্বিক নিরাপত্তার ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) পুলিশ সুপার আসাদুজ্জামান জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সকল পক্ষের সমন্বয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের তিন স্তরের নিরাপত্তা থাকবে। আশা করছি প্রধানমন্ত্রীর সফর সুষ্ঠু ও উৎসব মুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসূচি অনুযায়ী, সকালে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করে জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় অংশগ্রহণের পাশাপাশি শিক্ষার্থীদের উদ্ভাবনী কর্মকাণ্ড ও সম্ভাবনা দেখবেন।
এরপর মহেন্দ্রনগরে ১৫ কিলোমিটার দীর্ঘ পানি নিষ্কাশন মডেল খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। খালটি পুনঃখননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, কৃষি ও পানি ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে—এমন প্রত্যাশা স্থানীয়দের।
দিনের শেষ কর্মসূচিতে কালেক্টরেট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক আন্দোলনের কার্যক্রম পরিদর্শন করবেন সরকার প্রধান।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন বলেন, ‘‘প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে লালমনিরহাটের সাধারণ মানুষ ও বিএনপি নেতাকর্মীরা মুখিয়ে আছে। সরকার গঠনের পর প্রথমবার তিনি আমাদের জেলা আসছেন, আমাদের প্রত্যাশা অনেক। যে উন্নয়নের প্রত্যাশা আমরা করছি, তার সফরের মধ্য দিয়ে সেই প্রতিশ্রুতি আমরা তার কাছ থেকে পাবো।’’
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবীব দুলু জানিয়েছেন, ‘‘লালমনিরহাট দীর্ঘদিন বঞ্চিত ছিল। আগামীকাল আমাদের প্রিয় প্রধানমন্ত্রী লালমনিরহাট সফরে আসবেন। গোটা জেলাবাসী আনন্দে উদ্বেলিত। আমাদের সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। যে মডেল খাল উদ্বোধন করতে প্রধানমন্ত্রী আসছেন সেটি আমাদের প্রথম কনসেপ্ট। এছাড়া আলোকিত লালমনিরহাট সামাজিক আন্দোলনটির কার্যক্রম স্বেচ্ছাসেবীরা কীভাবে করছে সেটিও দেখবেন। সাম্প্রতিক সময়ের কর্মসূচির মধ্যে লালমনিরহাটের কর্মসূচি দুটি সবচেয়ে বেশি আলোচিত এবং উৎসব মুখর হবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








