প্রতিষ্ঠার ৪৫ বছর পেরিয়ে গেছে। শিক্ষার মান ও ফলাফলে সুনাম অর্জন করে ঠাকুরগাঁও সদর উপজেলার সেরা স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার স্বীকৃতিও পেয়েছে প্রতিষ্ঠানটি। অথচ এখনো এমপিওভুক্ত হয়নি নতুনপাড়া স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা। দীর্ঘদিন ধরে বিনা বেতনে পাঠদান করে আসা শিক্ষকরা রয়েছেন নানা সংকটে। প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত করার দাবি জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী।
ঠাকুরগাঁও সদর উপজেলার ৪ নম্বর বেগুনবাড়ী ইউনিয়নের নতুনপাড়া গ্রামে ১৯৮১ সালে প্রতিষ্ঠিত হয় মাদ্রাসাটি। বর্তমানে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত এখানে ১১৫ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। শিক্ষার্থীরা নিয়মিত সরকারি উপবৃত্তি পেলেও প্রতিষ্ঠানটি এখনো এমপিওভুক্তির বাইরে রয়েছে।
মাদ্রাসাটিতে বাংলা, ইংরেজি, আরবি, বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে পাঠদান করা হয়। পড়াশোনার মান ভালো হওয়ায় আশপাশের চার-পাঁচটি গ্রামের অভিভাবক তাঁদের সন্তানদের এ প্রতিষ্ঠানে ভর্তি করান। সীমিত সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও শিক্ষার্থীদের পাঠদানে আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন শিক্ষকরা।
প্রতিষ্ঠানটিতে বর্তমানে পাঁচজন শিক্ষক ও একজন অফিস সহকারী কর্মরত রয়েছেন। প্রধান শিক্ষক মো. শাহানুর আলম ও সহকারী শিক্ষক মোহাম্মদ আব্দুল আজিজ আরিফ বলেন, সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও তাঁরা সর্বোচ্চ আন্তরিকতা ও যত্ন নিয়ে শিক্ষার্থীদের পাঠদান করে আসছেন। প্রতিষ্ঠানের শিক্ষার মান ভালো হওয়া সত্ত্বেও এখনো এমপিওভুক্ত না হওয়ায় তাঁরা হতাশ।
তাঁরা বলেন, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। শিক্ষকদের আর্থিক নিরাপত্তা ও প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ আরও উন্নত করতে দ্রুত এমপিওভুক্ত করা প্রয়োজন। এ জন্য তাঁরা প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেছেন।
মাদ্রাসা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এর আগে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আবু জাফর প্রতিষ্ঠানটি পরিদর্শনে এসে সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন এবং প্রশংসা করেন। পরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ঠাকুরগাঁও সদর উপজেলার স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলোর মধ্যে নতুনপাড়া স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাকে সেরা প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করেন।
এতসব অর্জন ও স্বীকৃতি থাকার পরও প্রতিষ্ঠানটি এখনো এমপিওভুক্তির সুযোগ পায়নি। এলাকাবাসীর দাবি, দ্রুত মাদ্রাসাটিকে এমপিওভুক্ত করা হলে শিক্ষকদের আর্থিক অনিশ্চয়তা দূর হওয়ার পাশাপাশি পাঠদানের পরিবেশ ও শিক্ষার মান আরও উন্নত হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









