পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সিলেটের বাসার গলির ভেতরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে নগরের দাড়িয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি। কোনো ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটেনি।
পুলিশ জানায়, দাড়িয়াপাড়া এলাকার একটি গলির প্রবেশপথের মূল ফটকের ভেতরে পলিথিনসদৃশ কোনো বস্তুতে আগুন দেওয়া হয়। ওই গলিতে তিন থেকে চারটি বাসা রয়েছে। এর মধ্যে একটি বাসা পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মো. আফজাল হোসেন বলেন, রাত তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে দুর্বৃত্তরা প্রতিমন্ত্রীর বাসার গলির মূল ফটকের ভেতরে আগুন দেয়। এটি পেট্রলবোমা ছিল না। পলিথিনসদৃশ কোনো বস্তু পোড়ানো হয়েছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ।
সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার মাহমুদুল হাসান বলেন, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত সিলেটে অগ্নিকাণ্ডের কোনো খবর তাঁদের কাছে আসেনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









