পটুয়াখালীর দশমিনায় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে দশমিনা থানা পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উপজেলার কাটাখালী এলাকার হারুন আকনের ছেলে মো. আরিফ আকন (২৫), দশমিনা সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৃত মনির হোসেনের ছেলে মো. আরিফ হোসেন (২৩) এবং গছানী এলাকার মোহাম্মদ আলী মৃধার ছেলে মো. সাইফুল ইসলাম ওরফে সাইদুল (২৫)।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার আরিফ আকন ও আরিফ হোসেন উপজেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী। অপরদিকে, সাইফুল ইসলাম ওরফে সাইদুল বাঁশবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের ১ নম্বর সহসভাপতি।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর উপজেলার বড় গোপালদী বাজার এলাকায় সন্ত্রাসবিরোধী কার্যক্রম পরিচালনার অভিযোগকে কেন্দ্র করে একটি ঘটনা ঘটে। এ ঘটনায় দশমিনা থানা-পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করে। মামলার এজাহারে অজ্ঞাতনামা আসামি হিসেবে তাদের তিনজনকে উপজেলার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম জানান,সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার তদন্তের অংশ হিসেবে এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আগামীকাল আদালতে পাঠানো হবে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









