পিরোজপুরের মঠবাড়িয়ায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যকে লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে আদালতের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ের পাশের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতের ফটকের সামনে দায়িত্বে ছিলেন এক পুলিশ সদস্য। এ সময় তাকে লক্ষ্য করে পরপর দুটি ককটেল ছোড়ে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি ককটেল বিস্ফোরিত হলেও অন্যটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করে।
বিস্ফোরণের বিকট শব্দে আদালত ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।
মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পার্থ চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আদালত চত্বরের সামনের সড়ক থেকে অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন ধরনের আলামত সংগ্রহ করা হচ্ছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









