ঝিনাইদহের মহেশপুরে বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ৪৩১ বোতল ভারতীয় স্কার্ফ সিরাপসহ একটি প্রাইভেট কার জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় গাড়ির চালক ইমরানকে (২২) আটক করা হয়েছে।
শুক্রবার (১৯ নভেম্বর) রাত ১০টা ১৫ মিনিটের দিকে মহেশপুর উপজেলার সীমান্তবর্তী যাদবপুর থেকে মহেশপুরগামী পাকা সড়কের বগা এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা-৬ (সিপিসি-২, ঝিনাইদহ)-এর একটি আভিযানিক দল ওই এলাকায় তল্লাশিচৌকি বসায়। এ সময় সন্দেহভাজন একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশি চালানো হলে গাড়ির ভেতর থেকে ১ হাজার ৪৩১ বোতল ভারতীয় স্কার্ফ সিরাপ ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে সিরাপ পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ এবং চালককে আটক করা হয়।
আটক ইমরান বরগুনার আমতলী থানার কচুপাতরা গ্রামের আব্দুর রহিমের ছেলে।
অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, জব্দ করা সিরাপের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৭২ হাজার ৪০০ টাকা। উদ্ধার করা মোবাইল ফোনের মূল্য প্রায় ২ হাজার ৫০০ টাকা। তবে প্রাইভেট কারটির মূল্য তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম জানান, আটক ব্যক্তি ও জব্দ করা মালামাল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় সংশ্লিষ্ট বাহিনীর পক্ষ থেকে থানায় একটি মামলা করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









