রাঙামাটির ঐতিহ্যবাহী রাজবন বিহারে ৫০তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব ও সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বিহার পরিদর্শন করেছেন রাঙামাটি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. একরামুল রাহাত, পিএসসি। এ সময় তিনি উৎসবের সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৮টা ৪৫ মিনিট থেকে ৯টা ২০ মিনিট পর্যন্ত তিনি রাজবন বিহারে অবস্থান করেন। পরিদর্শনকালে রাঙামাটি সদর জোনের পক্ষ থেকে বিহারের প্রধান ভান্তেকে শুভেচ্ছা উপহার প্রদান করেন জোন কমান্ডার।
এ সময় জোন কমান্ডার বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করতে রাঙামাটি সদর জোন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। রাজবন বিহারের কঠিন চীবর দানোৎসব সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জোনের পক্ষ থেকে সার্বক্ষণিক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উৎসবে প্রায় ১০ থেকে ১২ হাজার বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষের সমাগম ঘটে বলে জানা গেছে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব, পিপিএম এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









