বইয়ের প্রতি ভালোবাসা থেকেই শুরু হয়েছিল পথচলা। সেই ভালোবাসা আজ পরিণত হয়েছে এক অনন্য সামাজিক উদ্যোগে। পুরোনো বই সংগ্রহ করে পাঠাগার গড়ে তোলা, শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে বই পৌঁছে দেওয়া এবং সুবিধাবঞ্চিত শিশুদের বই পড়ায় আগ্রহী করে তোলাই যেন তাঁর জীবনের ব্রত। বলছি পিরোজপুরের নেছারাবাদ উপজেলার কামারকাঠি গ্রামের ধীরেন হালদারের কথা। স্থানীয়দের কাছে তিনি পরিচিত ‘বই পড়ার ম্যাজিক ম্যান’ নামে। জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার নিরলস প্রচেষ্টায় অনেকের কাছে তিনি ‘আলোর মশাল’।
নিজ উদ্যোগে বাবা-মায়ের স্মৃতি অম্লান করে রাখতে তাঁদের নামানুসারে প্রতিষ্ঠা করেছেন ‘গৌরহরি রেনু বালা স্মৃতিসংসদ ও পাঠাগার’। বর্তমানে তাঁর এই পাঠাগারে সংরক্ষিত রয়েছে প্রায় ৩০ হাজার বই। শুধু বই সংগ্রহ করেই থেমে থাকেননি তিনি; সেগুলো পাঠকের হাতে পৌঁছে দিতে চালিয়ে যাচ্ছেন নিরন্তর প্রচেষ্টা।
নিজ গ্রামে প্রায় ৬০ বছর আগে প্রতিষ্ঠিত ‘অরণি গ্রন্থাগার’-এর সভাপতির দায়িত্বও পালন করছেন তিনি। এই গ্রন্থাগারে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অবসর সময়ে বই পড়তে আসেন। কেউ পড়েন গল্প-উপন্যাস, কেউ ইতিহাস, আবার কেউ জ্ঞান-বিজ্ঞানের বই। পাঠাগারটি স্থানীয় মানুষের জ্ঞানচর্চার অন্যতম নির্ভরযোগ্য ঠিকানা হয়ে উঠেছে।

ধীরেন হালদারের বই বিতরণের পদ্ধতিও বেশ ব্যতিক্রমী। বই সংগ্রহ করে অনেক সময় নিজেই শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেন। বিশেষ করে দরিদ্র পরিবারের সন্তানদের হাতে বই তুলে দিতে প্রতিবছরই উদ্যোগ নেন তিনি। বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুদের নিয়েও কাজ করেন। তাদের আবার বিদ্যালয়মুখী করতে পরিবার ও স্থানীয়দের সঙ্গে যোগাযোগ রাখেন। তাঁর লক্ষ্য, কোনো শিশু যেন বই পড়ার সুযোগ থেকে বঞ্চিত না হয়। ধীরেন হালদারের ভাষায়, ‘বই পড়ার কোনো বিকল্প নেই।’
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ৩ নম্বর ওয়ার্ডের কামারকাঠি গ্রামের গৌরহরি হালদারের ছেলে ধীরেন হালদার। দীর্ঘদিন শিক্ষকতা পেশায় দায়িত্ব পালন করেছেন তিনি। আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মজীবন শেষে ২০১৭ সালে অবসরে যান। তবে অবসর তাঁর জ্ঞান বিতরণের পথ থামাতে পারেনি। বর্তমানে ‘আদর্শ শিশু বিদ্যালয়’-এর প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে নতুন প্রজন্মের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছেন। পেশাগত জীবনে সাংবাদিকতার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। দীর্ঘদিন দৈনিক প্রথম আলো ও দৈনিক সংবাদ পত্রিকার সঙ্গে কাজ করেছেন।
নিজের দীর্ঘ পথচলা প্রসঙ্গে ধীরেন হালদার বলেন, ‘দীর্ঘদিন শিক্ষকতা পেশার সঙ্গে জড়িত ছিলাম। জ্ঞান আহরণ ও বিতরণের চেষ্টা করেছি। বই পড়ার মধ্যেই সর্বদা নিজেকে নিমগ্ন রেখেছি। আমি বিশ্বাস করি, জ্ঞান বিতরণ করলে জ্ঞানের পরিধি আরও বেড়ে যায়।’
তিনি আরও বলেন, ‘আধুনিকতার উৎকর্ষে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি হওয়ায় মানুষ বইয়ের প্রতি কিছুটা আগ্রহ হারিয়েছে। তবে ভালো বইয়ের গুরুত্ব আজীবন থেকে যাবে। বই মানুষের চিন্তাশক্তি বাড়ায়, মননশীলতা তৈরি করে। তাই নতুন প্রজন্মকে বই পড়ায় আগ্রহী করে তোলা প্রয়োজন।’
পাঠাগারের নিয়মিত পাঠক শিক্ষার্থী শামীম খান বলেন, ‘আমি এই গ্রন্থাগারের নিয়মিত পাঠক। স্কুল ছুটির পরে এবং অবসর সময়ে এখানে এসে বই পড়ি। মাঝেমধ্যে কিছু বই সংগ্রহও করি। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে ধীরেন স্যার আমাদের বুঝিয়ে দেন। এখানে বিভিন্ন ধরনের বই পাওয়া যায়।’
আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন বলেন, ‘ধীরেন স্যার এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। আমি তাঁর ছাত্র। অন্য শিক্ষকদের তুলনায় তিনি সব সময়ই আলাদা ছিলেন। শিক্ষার্থীদের বই পড়তে উৎসাহিত করতেন। বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠান থেকে বই সংগ্রহ করে বইপিপাসু শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে বিনামূল্যে বিতরণ করতেন। বই পড়া এবং বই বিতরণ তাঁর নেশায় পরিণত হয়েছে।’

জলাবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও অরণি গ্রন্থাগারের উপদেষ্টা মো. মেহেদী সরোয়ার বলেন, ‘ধীরেন হালদার একজন জ্ঞানপিপাসু মানুষ। জ্ঞান বিতরণের মাধ্যমে তিনি এলাকায় আলোকবর্তিকা হিসেবে পরিচিতি লাভ করেছেন। বই সংগ্রহ করে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা তাঁর নেশায় পরিণত হয়েছে। আমিও অবসর সময়ে তাঁর লাইব্রেরিতে গিয়ে বই পড়ার চেষ্টা করি এবং তাঁর খোঁজখবর রাখি।’
প্রযুক্তির দ্রুত বিস্তারে যখন নতুন প্রজন্মের একটি অংশ বই থেকে দূরে সরে যাচ্ছে, তখন ধীরেন হালদারের এমন উদ্যোগ স্থানীয় পর্যায়ে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে ভূমিকা রাখছে। তাঁর কাছে বই কেবল কাগজে বাঁধাই করা কিছু পৃষ্ঠা নয়; বই মানুষের চিন্তা, মনন ও আলোকিত ভবিষ্যৎ গড়ার হাতিয়ার।
নিজের জন্য নয়, অন্যের মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার আনন্দেই তাঁর পথচলা। প্রায় ৩০ হাজার বইয়ের সংগ্রহ, দীর্ঘদিনের পাঠাগার-সংশ্লিষ্টতা এবং অসংখ্য শিক্ষার্থীর হাতে বই পৌঁছে দেওয়ার নিরলস প্রচেষ্টায় ধীরেন হালদার চালিয়ে যাচ্ছেন বই পড়ার এক নীরব আন্দোলন। তাঁর স্বপ্ন, প্রতিটি ঘরে বই থাকুক, প্রতিটি শিশু বই পড়ুক, আর জ্ঞানের আলোয় আলোকিত হোক সমাজ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









