বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উপকূলীয় জেলা বরগুনার বেতাগীসহ আশপাশের এলাকায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। গত দুই দিন ধরে আকাশ মেঘাচ্ছন্ন। দেখা মিলছে না সূর্যের। এর সঙ্গে থেমে থেমে দমকা হাওয়া ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি জনজীবনে দুর্ভোগ বাড়িয়েছে। বৈরী আবহাওয়ায় বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ, দিনমজুর ও নদীতীরবর্তী জেলেরা।
সতর্কসংকেত ও আবহাওয়ার পূর্বাভাস
আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এ কারণে পায়রা, মোংলা, চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি বরিশাল, খুলনা ও পটুয়াখালী অঞ্চলের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্কসংকেত জারি রয়েছে। উপকূলীয় এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
বিপাকে শ্রমজীবী ও জেলেরা
বৈরী আবহাওয়ার কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ, দিনমজুর ও বিষখালী নদীতীরবর্তী জেলেরা। নদী উত্তাল থাকায় এবং আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তার কারণে অনেক জেলে মাছ ধরা বন্ধ রেখে নৌকা ও ট্রলার নিরাপদ স্থানে নোঙর করে রেখেছেন। বৃষ্টি ও দমকা বাতাসের কারণে স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে শ্রমজীবী মানুষের।
জনজীবনে স্থবিরতা, উপকূলে আতঙ্ক
টানা বৃষ্টি ও ঠান্ডা বাতাসে স্থানীয় হাটবাজারগুলোতে মানুষের উপস্থিতি কমে গেছে। জরুরি প্রয়োজন ছাড়া অনেকেই ঘরের বাইরে বের হচ্ছেন না। সড়কে যানবাহন চলাচলও তুলনামূলক কম। এতে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা।
এদিকে ঘূর্ণিঝড়ের খবরে উপকূলের মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে বেড়িবাঁধের বাইরে ও নিচু এলাকার বাসিন্দারা সম্ভাব্য জলোচ্ছ্বাস ও ভারী বর্ষণ নিয়ে উৎকণ্ঠায় রয়েছেন।
প্রস্তুত স্বেচ্ছাসেবক ও প্রশাসন
দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি সম্পর্কে উপজেলা যুব রেড ক্রিসেন্টের দলনেতা মো. সোহেল বলেন, ‘সম্ভাব্য যেকোনো দুর্যোগ মোকাবিলায় যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক দল সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। যেকোনো জরুরি পরিস্থিতিতে উদ্ধার তৎপরতা চালানো এবং দুর্গত মানুষদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য আমাদের দল সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।’
বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহ. সাদ্দাম হোসেন বলেন, ‘ঘূর্ণিঝড় আকভান মোকাবিলায় উপজেলা প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আজ জুমার নামাজে ঘূর্ণিঝড় সম্পর্কে আলোচনা ও জনসচেতনতা তৈরির জন্য মসজিদগুলোতে নির্দেশনা দেওয়া হয়েছে। যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা প্রস্তুত রয়েছেন এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা সার্বক্ষণিক পরিস্থিতির খোঁজখবর রাখছেন।’
উপকূলীয় এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও স্বেচ্ছাসেবকদের প্রস্তুতি অব্যাহত রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









