মাদারীপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী মিয়াকে রাজৈরে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে পৌর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে রাজৈর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
রাজৈর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী জাহিদুর রহমান লেবুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট মো. জামিনুর হোসেন মিঠু।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য জীবন বোস, রাজৈর উপজেলা বিএনপির সভাপতি ওহাব আলী মিয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মহসিন ফকির, বিএনপি নেতা অ্যাডভোকেট গৌরাঙ্গ বসু প্রমুখ। সভা শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।
এর আগে দুপুরে জাহান্দার আলী রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এবং সেখানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় অংশ নেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শামীম আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় হাসপাতালের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, জনবল সংকট নিরসন ও অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









