ইসলামী ছাত্রশিবির শরণখোলা উপজেলা শাখার সভাপতি মিজানুর রহমানের উপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ মার্চ) রাতে উপজেলা সদরের সোনালি মসজিদ থেকে তারাবি নামাজ পড়ে ফেরার পথে ছাত্রদল কর্মীরা তার উপর এ হামলা চালায় বলে জামায়াত ইসলামীর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
১ মার্চ রাতে শরণখোলা উপজেলার খুড়িয়াখালী গ্রামে ছাত্রদল নেতা আরিফুল ইসলাম মাসুম নিহতের ঘটনায় শরণখোলার রাজনীতি অনেকটা উত্তপ্ত হয়ে ওঠে। ২ ও ৩ মার্চ বিএনপি ও ছাত্রদলের একাধিক বিক্ষোভ সমাবেশ থেকে মাসুম হত্যার ঘটনায় জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের দায়ি করে নানা হুশিয়ারী দেয়া হয়। অপরাধীদের গ্রেফতারের জন্য ঘোষনা করা হয় ৭ দিনের আল্টিমেটাম।
এ ঘটনায় মঙ্গলবার রাতে বাগেরহাট- ৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম মোরেলগঞ্জে এক জরুরী সংবাদ সম্মেলন করে শরণখোলা ও মোরেলগঞ্জে হঠাৎ করে রাজনৈতিক এ অস্থিরতায় উদ্বেগ প্রকাশ করেন।
তিনি ছাত্রদল নেতা আরিফুল ইসলাম মাসুম হত্যাকান্ডে জামায়াত ইসলামীর কোন ধরনের সম্পৃক্ততা নেই দাবি করে ঘটনার সুষ্ঠু তদন্তের আহবান জানান।
এসময় তিনি উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মিজানুর রহমানের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে সকলকে শক্তি প্রয়োগের রাজনীতি থেকে নিবৃত্ত থাকার আহবান জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









