ভোলায় কোস্ট গার্ডের পৃথক দুইটি অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বুধবার (৪ মার্চ) রাতে ভোলা সদর থানার শান্তিরহাট অটো ব্রিকফিল্ড সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড। অভিযানে প্রায় ৪০ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়।
একই দিন রাতে ভোলা সদর থানার ৯ নম্বর সদূরচর সংলগ্ন এলাকায় অভিযানে প্রায় ২০ হাজার টাকা মূল্যের ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করে কোস্ট গার্ড।
আটককৃত মাদক কারবারিরা হলেন মো. আব্দুর রবের ছেলে মো. সোলেমান বাদশা, ভোলা সদর উপজেলার বড় চর সামাইয়া শান্তিরহাট এলাকার বাসিন্দা এবং মৃত জলিল বেপারির ছেলে মো. হাশেম, ভোলা সদর উপজেলার সদূরচর ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
জব্দকৃত গাঁজা এবং আটককৃত মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









