বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের স্থানটিকে ‘মুজিব পাবলিক টয়লেট’ ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে সংগঠনটির জেলার আহ্বায়ক নাহিদুল ইসলাম সাজুসহ কয়েকজন নেতা নগরের কুমারপাড়া আওয়ামী লীগ কার্যালয়ে একটি ব্যানার টানিয়ে আসেন।
ব্যানারে লেখা, ‘মুজিব পাবলিক টয়লেট। সম্পূর্ণ বিনামূল্যে ১৭ বছরের ক্ষোভ ঝাড়ুন। সৌজন্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রাজশাহী।’
এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট মহানগর আওয়ামী লীগের এই দলীয় কার্যালয়টি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেন বিক্ষুব্ধ জনতা। পরে গত বছরের ১৯ ডিসেম্বর শরীফ ওসমান হাদী নিহতের ঘটনার পর উত্তেজিত ছাত্র-জনতা পরিত্যক্ত ভবনটির অবশিষ্ট অংশও ধ্বংস করে পুরোপুরি নিশ্চিহ্ন করে ফেলে।
সেই ধ্বংসস্তূপের সামনে গত শুক্রবার রাতে কে বা কারা একটি উদ্বোধনী ব্যানার টানিয়ে যায়। পর দিন সকালে ব্যানারটি ছিঁড়ে আগুন দিয়ে পুড়িয়ে দেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এরপর সেখানে পাবলিক টয়লেটের ব্যানার টানানো হলো।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার আহ্বায়ক নাহিদুল ইসলাম সাজু বলেছেন, ‘আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আবার প্রাসঙ্গিক হয়ে উঠতে চাইছে। আমরা তা হতে দেব না। তারা যেখানে কার্যক্রম শুরু করতে চাইবে আমরা
সেখানেই প্রতিরোধ গড়ে তুলবো।’
এইসময় উপস্থিত ছিলেন বৈষম্যরিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









