পিরোজপুর জেলা হাসপাতালের প্রশাসনিক ভবনের সিড়ির সৌন্দর্য বর্ধনের জন্য দেওয়া পিতলের এঙ্গেল চুরি হওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার (৭ মার্চ) সকালে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা দেখেন প্রশাসনিক ভবনের সিড়ির দ্বিতীয় অংশের সাতটি ধাপের সৌন্দর্য বর্ধনের জন্য ব্যবহার করা পিতলের এঙ্গেল খুলে নিয়ে গেছে চোর চক্র। শুক্রবার (৬ মার্চ) গভীর রাতে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা করছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
পিরোজপুর জেলা সিভিল সার্জন মো. মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন মো. মতিউর রহমান বলেন, ‘আমরা সকালে বিষয়টি দেখতে পেয়ে থানায় অভিযোগ করেছি। পাশাপাশি চোর শনাক্তের জন্য হাসপাতালের বিভিন্ন সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখেছি এবং ক্ষতিগ্রস্থ সিঁড়িটি মেরামতের জন্য পিরোজপুর গণপূর্ত বিভাগকে অবহিত করা হয়েছে। চুরি হওয়া মালামালের আনুমানিক বাজার মূল্য ৬ থেকে ৭ হাজার টাকা।’
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
এর আগেও পিরোজপুর জেলা হাসপাতালের গ্রিল কেটে নগদ টাকা ও একটি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছিল। এ নিয়ে দ্বিতীয়বারের মতো জেলা হাসপাতালে চুরির ঘটনা ঘটেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









