শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

পিরোজপুর এলজিইডি প্রকল্পে দুর্নীতি, দুদকের ৪ মামলা

প্রকাশিত: ১১ মার্চ ২০২৬, ০৯:৫৫ পিএম

আপডেট: ১১ মার্চ ২০২৬, ০৯:৫৫ পিএম

পিরোজপুর এলজিইডি প্রকল্পে দুর্নীতি, দুদকের ৪ মামলা

দুর্নীতি, ঘুষ গ্রহণ, সরকারি অর্থ আত্মসাৎ এবং মানিলন্ডারিংয়ের অভিযোগে পিরোজপুরে চারটি পৃথক মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

বুধবার (১১ মার্চ) দুদকের সমন্বিত জেলা কার্যালয় পিরোজপুরে উপসহকারী পরিচালক পার্থ চন্দ্র পাল বাদী হয়ে এসব মামলা দায়ের করেন। মামলাগুলোর অনুসন্ধানকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন দুদকের উপপরিচালক মো. আমিনুল ইসলাম।

দুদকের মামলায় বলা হয়, পিরোজপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সাময়িক বরখাস্তকৃত নির্বাহী প্রকৌশলী মো. আব্দুস সাত্তার হাওলাদার ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ নিজের স্ত্রী মোসা. রীনা পারভীনের নামে হস্তান্তর করে ৫ কোটি ৩৪ লাখ ১৭ হাজার ২৯৩ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেন। এ ঘটনায় রীনা পারভীনকেও সহায়তার অভিযোগে আসামী করা হয়েছে।

প্রকৌশলী মো. আব্দুস সাত্তার হাওলাদারের বিরুদ্ধে আরেকটি মামলায় অভিযোগ করা হয়, তিনি ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ নিজের দুই ছেলে এইচ এম মঞ্জুরুল ইসলাম রিফাত ও এইচ এম ফজলে রাব্বি রিমনের নামে সম্পদ দেখিয়ে প্রায় ২ কোটি ২৬ লাখ ৮৫ হাজার ৩৫১ টাকার অবৈধ সম্পদ অর্জন করেন। এ ঘটনায় দুই ছেলেকেও সহায়তার অভিযোগে আসামী করা হয়েছে।

এছাড়া এলজিইডির ঠিকাদার ও মেসার্স ঈশান এন্টারপ্রাইজের মালিক সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজের ভাই মো. সালাউদ্দিনের বিরুদ্ধে প্রায় ২৩ কোটি ৬০ লাখ ৭১ হাজার ২৭৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে দুদক। অভিযোগ অনুযায়ী, তিনি প্রকল্পের কাজ না করেই সরকারি অর্থ আত্মসাৎ করে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে সেই অর্থ স্থানান্তর ও রূপান্তর করে মানিলন্ডারিং করেছেন।

আরেক মামলায় পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজের ভাই মো. শামসুদ্দিনের বিরুদ্ধে প্রায় ২১ কোটি ৮৬ লাখ ২৩ হাজার ৭৮১ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তিনি এলজিইডির ঠিকাদার হিসেবে প্রকল্পের কাজ না করে সরকারি অর্থ আত্মসাৎ করে সেই অর্থের উৎস গোপন ও আড়াল করার উদ্দেশ্যে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে স্থানান্তর ও রূপান্তর করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

দুদক সূত্রে জানা গেছে, এসব ঘটনায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭ (১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় পৃথক চারটি মামলা দায়ের করা হয়েছে। মামলাগুলোর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

এ বিষয়ে পিরোজপুর জেলা দুদকের উপ-পরিচালক মো. আমিনুল ইসলাম জানান, এলজিইডিতে প্রায় দুই হাজার কোটি টাকার অভিযোগে তৎকালীন পিরোজপুর জেলা নির্বাহী প্রকৌশলী আব্দুস সাত্তার সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজের পরিবারের বিরুদ্ধে প্রজেক্টের অর্থ আত্মসাতের অভিযোগে আটটি মামলা দায়ের করা হয়েছে। এবং অবৈধ সম্পদ অর্জন নিয়ে অনুসন্ধান করি। অনুসন্ধান শেষে গতকাল সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ তার স্ত্রীও সন্তানের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। আজকেও তার দুই ভাইয়ের বিরুদ্ধে দুটি মামলা  ও সাবেক নির্বাহী প্রকৌশলী আব্দুস সাত্তার তার স্ত্রী ও সন্তানের বিরুদ্ধে অপর দুটি মামলা দায়ের করা হয়েছে। 

জালিস/পিরোজপুর/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.