কুষ্টিয়া সদর উপজেলার জুগিয়ায় তরুণ পার্থ হত্যা মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি সন্টু ডাকাতকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাব-১২।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দিবাগত মধ্যরাতে পাবনা জেলার ঈশ্বরদী থানার চড় গড়গড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সন্টু ডাকাত কুষ্টিয়া সদর উপজেলার জুগিয়া মাঠপাড়া এলাকার মৃত আতিয়ার বিশ্বাসের ছেলে।
মামলা ও র্যাব সূত্রে জানা যায়, গত ৫ মার্চ কুষ্টিয়া সদর উপজেলার জুগিয়া দাখিল মাদ্রাসার মাঠে আড্ডা দিচ্ছিলেন সজীব (২১), আশিক (২১), পার্থ (২১) ও মিতুল (২১) নামের চার তরুণ। এসময় একদল সন্ত্রাসী অতর্কিত তাদের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় চারজনই গুরুতর আহত হন। এ ঘটনায় সজীবের ভাই রাজিব হোসেন বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে আসামি করে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করেন। হামলায় গুরুতর আহত পার্থ (২১) দীর্ঘ দিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত কয়েকদিন আগে মারা যান। পার্থর মৃত্যুর পর পূর্বের মামলাটি দণ্ডবিধির ৩০২ ধারায় (হত্যা মামলা) রূপান্তরিত হয়। এরপর থেকেই আসামিরা আত্মগোপনে চলে যায়।
র্যাব-১২ এর কুষ্টিয়া ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন মামলার অন্যতম আসামি সন্টু ডাকাত পাবনা জেলার ঈশ্বরদী এলাকায় অবস্থান করছেন। তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ঈশ্বরদীর চড় গড়গড়িয়া এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব আরো জানায়, র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী ও চাঞ্চল্যকর অপরাধীদের দমনে আপসহীন কাজ করে যাচ্ছে।গ্রেপ্তারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে সন্টু ডাকাত গ্রেপ্তারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে নিহত পার্থর পরিবার ও স্থানীয় বাসিন্দাদের মাঝে স্বস্তি ফিরতে শুরু করেছে। তারা এ ঘটনার সাথে জড়িত বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









