শরীয়তপুরের নড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সোমবার (২৩ মার্চ) ভোরে উপজেলার রাজনগর তালতলা এলাকায় হাফিজ ভূঁইয়া ও রুবেল কাজী গ্রুপের মধ্যে এ সংঘর্ষ বাধে। এ ঘটনায় নারীসহ অন্তত ছয়জনকে আটক করেছে পুলিশ।
স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিনের বিরোধ ও আধিপত্য বিস্তার নিয়ে উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় সকালে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি হলে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। এ সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে, যা এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি করে।
সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৫টি বসতবাড়ি ভাঙচুর করা হয়েছে বলে জানা গেছে। এতে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন এবং অনেকেই বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন। আহতদের মধ্যে কয়েকজনকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, যেখানে তাদের চিকিৎসা চলছে।
খবর পেয়ে নড়িয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘটনাস্থল থেকে দুটি তাজা ককটেল উদ্ধার করা হয়। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং টহল জোরদার করা হয়েছে।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া জানান, গত ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। সেই বিরোধের জের ধরেই এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরো বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









