কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং বাস স্টেশন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে মাদক কারবারিদের হামলায় রুপম বড়ুয়া নামে এক উপসহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। এ ঘটনায় এসআই তোফাজ্জল হোসেনসহ আরও কয়েকজন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।
নিহত রুপম বড়ুয়া হারবাং পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
সোমবার (২৩ মার্চ) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ‘জুনাইদ’ নামের এক কথিত মাদক ব্যবসায়ীকে ধরতে অভিযান চালায় পুলিশের একটি দল। অভিযানের সময় দুর্বৃত্তদের হামলায় এসআই রুপম দে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় এসআই মোফাজ্জল হোসেনসহ আরও কয়েকজন আহত হয়েছেন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এএসআই রুপম বড়ুয়াকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, “মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে দুর্বৃত্তদের হামলায় আমাদের এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন। জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে। কাউকে ছাড় দেওয়া হবে না। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জড়িতদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









