পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বিগত ১৭ বছরে মানবাধিকার লঙ্ঘন, গুম-খুনসহ বিভিন্ন অপরাধে জড়িত এবং বিচারের মুখোমুখি হয়ে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করতে সরকার সর্বদা সচেষ্ট রয়েছে।
সোমবার (২৩ মার্চ) দুপুরে ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা নাজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ। যারা বিভিন্ন অপরাধ করে দেশের বাইরে অবস্থান করছে, তাদের আইনের আওতায় এনে বিচারের রায় কার্যকর করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো সমন্বিতভাবে কাজ করছে।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, প্রবাসীদের নিরাপত্তা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই সংশ্লিষ্ট দেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলো প্রবাসীদের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখছে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।
তিনি জানান, যারা জীবনের ঝুঁকিতে রয়েছেন, তাদের সরকারি খরচে চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে। ইতোমধ্যে ঈদের আগের দিন রাতে ১৮৬ জন প্রবাসীকে সফলভাবে দেশে ফেরত আনা হয়েছে। এ কার্যক্রমে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, সিভিল অ্যাভিয়েশন এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।
শামা ওবায়েদ ইসলাম আরও বলেন, সব প্রবাসী দেশে ফিরতে আগ্রহী নন। অনেকেই তাদের কর্মস্থলে থেকে কাজ চালিয়ে যেতে চান। তবে যারা ফিরতে ইচ্ছুক, তাদের জন্য প্রয়োজন অনুযায়ী আরও চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করা হবে। পাশাপাশি যারা সেখানে অবস্থান করছেন, তাদের নিরাপত্তা পরিস্থিতিও সরকার নিয়মিত পর্যবেক্ষণ করছে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









