ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের দায়িত্বভার গ্রহণ করেছেন নবনিযুক্ত প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ। তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদক।
মঙ্গলবার (২৪ মার্চ) সকালে দায়িত্বভার গ্রহণ উপলক্ষে জেলা পরিষদ প্রাঙ্গণে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে নবনিযুক্ত প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ বলেন, জেলার ৬ টি আসনের সংসদ সদস্যসহ জেলা পরিষদের সাথে সম্পৃক্ত যারা আছেন এবং সুধী সমাজ, আমি সকলের সাথে সমন্বয় সভা করে জেলা পরিষদের উন্নয়নে কাজ করতে চাই।
প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যমল বলেন, আজকে দীর্ঘ সংগ্রামের পর আমরা এই অবস্থায় এসেছি। অতীত ভুলে গেলে হবে না। মনে রাখতে হবে জনগণ সকল ক্ষমতার উৎস। ক্ষমতায় আছি বলে যা ইচ্ছে করা যাবে না। আগামীতে যতো নির্বাচন হবে জনগণের ভোটে। সেদিকে লক্ষ্য রেখেই আমাদের কাজ করতে হবে। তা না হলে ২০৩১ এর নির্বাচনে খেশারত দিতে হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সাদাসিধে জীবন যাপন করছেন। সংসদ সদস্যরা ট্যাক্স ফ্রি গাড়ি পরিহার করেছেন। বাড়ি নিচ্ছেন না। আঙ্গুল থেকে ভোটের দাগ মুছে যাওয়ার আগেই সরকার ধাপে ধাপে ইশতেহার বাস্তবায়নের কাজ শুরু করেছে। ফ্যামিলি কার্ড দেয়া শুরু হয়েছে। ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। পহেলা বৈশাখে কৃষক কার্ড দেয়া হবে। খালকাটা কর্মসূচি শুরু হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩-(সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য, বিএনপির নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল।
জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল কাদির মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১-(নাসিরনগর) আসনের সংসদ সদস্য এম.এ.হান্নান, জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসার অধ্যক্ষ মুফতি মোবারক উল্লাহ, জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি জুনায়েদ আল হাবীব, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি প্রমুখ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, জেলা কৃষক দলের আহবায়ক আবু শামীম মোঃ আরিফ, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শামীমা বাছির স্মৃতি, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ সালাহ উদ্দিন ও জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









