রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

মানিকগঞ্জে বন্ধুকে গলা কেটে হত্যা, ৩ জন গ্রেপ্তার

প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ০৭:৩০ পিএম

আপডেট: ২৮ মার্চ ২০২৬, ০৭:৩০ পিএম

মানিকগঞ্জে বন্ধুকে গলা কেটে হত্যা, ৩ জন গ্রেপ্তার

মানিকগঞ্জে নেশার টাকা জোগাতে অটোবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে এক অটোচালককে গলা কেটে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্তে জানা গেছে, নিহত ব্যক্তি নিজের বন্ধুদের হাতেই খুন হয়েছেন।

শনিবার (২৮ মার্চ) সকালে পিবিআই কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিবিআইয়ের পুলিশ সুপার জয়ীতা শিল্পী।

পিবিআই সূত্রে জানা যায়, গত ২৫ মার্চ বিকেলে সদর উপজেলার কালীগঙ্গা নদী থেকে একটি মস্তকবিহীন মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে পিবিআইয়ের ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় নিহতের পরিচয় শনাক্ত করে।

নিহত রফিক মিয়া (২৮) ঘিওর উপজেলার রাথুরিয়া গ্রামের বাসিন্দা ও পেশায় অটোচালক ছিলেন। তিনি ২৪ মার্চ অটোবাইক নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। পরদিন নদী থেকে মরদেহ উদ্ধারের পর পরিবারের সদস্যরা এসে তাঁকে শনাক্ত করেন।

ঘটনার পরপরই পিবিআই তদন্ত শুরু করে। প্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত করে প্রথমে রিপন মিয়াকে ধামরাইয়ের কালামপুর এলাকা থেকে গ্রেপ্তার করে। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে আরমান হোসেন ও সজিব মিয়াকে গ্রেপ্তার করা হয়।

তদন্তে উঠে এসেছে, নিহত রফিক মিয়া ও গ্রেপ্তারকৃতরা একে অপরের পূর্বপরিচিত ও বন্ধু ছিলেন। অটোবাইক ছিনতাইয়ের পরিকল্পনা করে তারা রফিককে কালীগঙ্গা নদীর তীরে ডেকে নিয়ে গিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।

পরে অভিযুক্তদের কাছ থেকে ছিনতাইকৃত অটোবাইকসহ হত্যাকাণ্ডে ব্যবহৃত দা ও হাতুড়ি উদ্ধার করা হয়েছে বলে জানায় পিবিআই।

এ ঘটনায় নিহতের ভাই আরিফ মিয়া ঘিওর থানায় একটি হত্যা মামলা করেন। পিবিআই জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.