বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

সাটুরিয়ার নজরুল ইসলাম মানিকগঞ্জের সেরা ওসি

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬, ০৯:১৯ পিএম

আপডেট: ২৯ মার্চ ২০২৬, ০৯:১৯ পিএম

সাটুরিয়ার নজরুল ইসলাম মানিকগঞ্জের সেরা ওসি

মানিকগঞ্জ জেলার সেরা অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম। জেলার আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে অসামান্য অবদান রাখায় তিনি এ সম্মাননায় ভূষিত হন।

রবিবার (২৮ মার্চ) দুপুরে মানিকগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএম।

মানিকগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, সাটুরিয়া থানার ওসি মো. নজরুল ইসলাম ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার, গুরুত্বপূর্ণ মামলার দ্রুত নিষ্পত্তি এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কার্যকর ভূমিকা পালন করেছেন। তার দক্ষ নেতৃত্ব, পেশাদারিত্ব এবং জনগণের আস্থা অর্জনের সক্ষমতা তাকে জেলার সেরা ওসি হিসেবে স্বীকৃতি এনে দিয়েছে।

একই অনুষ্ঠানে সাটুরিয়া থানার এসআই (নিরস্ত্র) মো. আরিফ খানও মানিকগঞ্জ জেলার সেরা এসআই হিসেবে পুরস্কৃত হন। মাদক উদ্ধার, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলা নিষ্পত্তিতে বিশেষ অবদান রাখায় তাকে এই সম্মাননা প্রদান করা হয়।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মহরম আলী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন, পিপিএমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অফিসার ইনচার্জগণ সভায় অংশ নেন।

মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএম বলেন, “আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ নিয়ন্ত্রণে জেলার প্রতিটি থানাকে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হচ্ছে। ওসি নজরুল ইসলাম তার দায়িত্ব পালনে আন্তরিকতা, দক্ষতা ও নেতৃত্বগুণের অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছেন। ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, মাদকবিরোধী অভিযান জোরদার এবং মামলা নিষ্পত্তিতে তার সাফল্য সত্যিই প্রশংসনীয়। এ ধরনের স্বীকৃতি অন্য কর্মকর্তাদেরও আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করবে।”

পুরস্কারপ্রাপ্ত ওসি মো. নজরুল ইসলাম বলেন, “এই সম্মাননা আমার একার নয়, এটি আমার থানার পুরো টিমের সম্মিলিত প্রচেষ্টার ফল। সাটুরিয়া থানার সকল সদস্য দিনরাত পরিশ্রম করে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছে। আমি মানিকগঞ্জ জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞ, যারা আমাদের কাজের স্বীকৃতি দিয়েছেন। ভবিষ্যতেও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ দমনে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।”

সফিক/সাটুরিয়া/অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.