সিরাজগঞ্জ জেলা পুলিশ উল্লাপাড়া ও রায়গঞ্জে পৃথক অভিযান চালিয়ে পানির ট্যাংকি ও একটি দোকান থেকে ২ হাজার ১০০ লিটার ডিজেল জব্দ করেছে। এ ঘটনায় অবৈধ কারবারি দুইজনকে আটক করা হয়েছে।
বুধবার (১ এপ্রিল) বিকেলে উল্লাপাড়া উপজেলার সলঙ্গার চরিয়া এলাকায় মহাসড়কের পাশে মেসার্স সোহাগ এন্টারপ্রাইজ এবং রায়গঞ্জের চান্দাইকোনায় একটি তেলের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন—শাহজাদপুর উপজেলার শাহাদত হোসেন এবং রায়গঞ্জ উপজেলার খিরিতলা গ্রামের প্রকাশ কুমার মাহাতো।
সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উল্লাপাড়ার চরিয়া এলাকায় মহাসড়কের পাশে মেসার্স সোহাগ এন্টারপ্রাইজে অভিযান চালানো হয়। এ সময় দোকানে অবৈধভাবে মজুদ রাখা ১ হাজার লিটার ডিজেল জব্দসহ শাহাদত হোসেনকে আটক করা হয়। আটক শাহাদত দোকানের ভেতরে অবৈধভাবে মিনি পাম্প বসিয়ে তেল বিক্রি করছিলেন।
এছাড়াও পুলিশের আরেকটি দল রায়গঞ্জের একটি তেলের দোকানে মিনি পাম্প বসিয়ে তেল মজুদ করা হয়েছে—এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ হাজার লিটার ডিজেল জব্দ করে। একইভাবে রায়গঞ্জের চান্দাইকোনা এলাকায় দুটি পানির ট্যাংকের মধ্যে লুকিয়ে রাখা ১ হাজার ১০০ লিটার ডিজেল জব্দ করা হয়।
দুই স্থান থেকে দুজনকে আটক করা হয়েছে। উভয় স্থানেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
এ সময় সিরাজগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ, রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম, রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ আহসানুল ইসলাম এবং সলঙ্গা থানার অফিসার ইনচার্জ সাকিউল আযম উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









