পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রা এবার “বৈশাখী শোভাযাত্রা” নতুন নামে পালিত হবে বলে জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
শনিবার (৪ এপ্রিল) মাগুরা জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত মোহাম্মদপুর উপজেলায় আধুনিক ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সংস্কৃতি মন্ত্রী বলেন, প্রেসিডেন্ট এরশাদের সময় পহেলা বৈশাখের শোভাযাত্রার নামকরণ করা হয় “আনন্দ শোভাযাত্রা”, পরবর্তীতে শেখ হাসিনা সরকার ক্ষমতায় এসে নামকরণ করে “মঙ্গল শোভাযাত্রা”, আমরা দুইটি নামের বাইরে গিয়ে নতুন নামকরণ “বৈশাখী শোভাযাত্রা” করার উদ্যোগ নিয়েছি।
আধুনিক ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে জেলা পরিষদের উদ্যোগে মহম্মদপুরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক আলী আহমেদ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, মাগুরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ, মোহাম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহানুর জামানসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









