ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি ৯০ লক্ষ টাকা মূল্যের অবৈধ ভারতীয় পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তে চোরাচালান প্রতিরোধে জোরদার গোয়েন্দা নজরদারির অংশ হিসেবে শনিবার (৪ এপ্রিল) সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পৃথক অভিযান পরিচালনা করা হয়।
সুলতানপুর ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলামের দিকনির্দেশনায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল বিওপি ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাদলা বিওপির টহলদল এসব অভিযান পরিচালনা করে।
অভিযানে পিকাপসহ বিপুল পরিমাণ ভারতীয় জিরা মেহেদী, কসমেটিক সামগ্রী, শাড়ি, সাবান, ফুচকা ও বাজি এবং বিভিন্ন ধরনের ঔষধ জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ৯০ লক্ষ ৬৬ হাজার ৭০ টাকা বলে জানানো হয়েছে।
এসব পণ্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে বলে বিজিবি জানায়। সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা ও চোরাচালান রোধে তাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









