ভোলা সদর উপজেলার ১০ নম্বর ভেলুমিয়া ইউনিয়নের চরগাজি ৬ নম্বর ওয়ার্ডে প্রায় ৫ থেকে ৬ কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, ২০০৫ সালে পাকা করা এ সড়কটি এরপর আর কোনো সংস্কার করা হয়নি।
তথ্যসূত্রে জানা যায়, দক্ষিণ তেঁতুলিয়া নদীর পাড় থেকে উত্তর ভেদুরিয়া গাল পর্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে প্রতিদিন প্রায় ২২ হাজার মানুষ চলাচল করেন। চরগাজি ৬ নম্বর ওয়ার্ডটিতে প্রায় ৭ হাজার ৩০০ জন ভোটার রয়েছেন।
এ ছাড়া চর হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাতেম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফাতেমা খানম মাধ্যমিক বিদ্যালয়, চরগাজি কওমি মাদ্রাসা, ১৯টি জামে মসজিদ, ১৬টি নূরানি মাদ্রাসা, দুটি কিন্ডারগার্টেন, তিনটি বাজার এবং ২২০টি সরকারি আশ্রয় প্রকল্পের ঘর রয়েছে, যা বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে পরিচালিত হয়।
সড়কটির দ্রুত সংস্কারের দাবিতে বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর ১২টায় এলাকাবাসীর উদ্যোগে একটি মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে নারী-পুরুষ ও শিক্ষার্থীসহ প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন ফাতেমা খানম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিপু মাস্টার, মো. রুবেল, মো. জামাল, মো. মনির ও তাসলিমা বেগমসহ স্থানীয়রা। বক্তারা বলেন, বর্ষা মৌসুমে সড়কটিতে পানি জমে চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।
এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা স্কুলে যেতে গিয়ে প্রায়ই পড়ে গিয়ে বই-খাতা ও পোশাক নষ্ট করে। আবার শুকনো মৌসুমেও সড়কের বেহাল অবস্থার কারণে রিকশা বা অন্য যানবাহন চলাচল করতে পারে না। ফলে অসুস্থ রোগীকে হাসপাতালে নিতে এলাকাবাসীকে ৫ থেকে ৬ কিলোমিটার পায়ে হেঁটে যেতে হয়।
এলাকাবাসীর দাবি, অতি দ্রুত সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









