বরিশাল নগরীর ফুটপাত, রাস্তা ও জনসাধারণের ব্যবহার্য জায়গা দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা অপসারণে নোটিশ জারি করেছে বরিশাল সিটি কর্পোরেশন। নির্ধারিত সময়ের মধ্যে স্বেচ্ছায় স্থাপনা অপসারণ না করলে ১০ এপ্রিলের পর উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছে সিটি কর্তৃপক্ষ।
শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে সিটি কর্পোরেশনের প্রশাসকের মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
মিডিয়া সেলের অ্যাডমিন সাকলাইন মোস্তাক জানান, সিটি প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীনের নির্দেশে নগরীর ফুটপাত, রাস্তা ও জনসাধারণের ব্যবহার্য জায়গায় গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনা নিজ দায়িত্বে অপসারণের জন্য বিশেষ নোটিশ দেওয়া হয়েছে। আগামী ১০ এপ্রিলের মধ্যে এসব স্থাপনা অপসারণ করতে সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।
তিনি আরো জানান, নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ স্থাপনা অপসারণ করা না হলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে সিটি কর্পোরেশন।
এ বিষয়ে সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন জানান, তার জন্ম এই শহরে হওয়ায় নগরীর সমস্যাগুলো তিনি খুব ভালোভাবে জানেন। বরিশাল নগরীর অধিকাংশ ফুটপাত অবৈধ দখলে থাকায় সাধারণ মানুষের চলাচলে মারাত্মক সমস্যা হচ্ছে। এই অবস্থা আর সহ্য করা হবে না বলেও তিনি উল্লেখ করেন। নির্ধারিত সময়ের মধ্যে কেউ নিজ উদ্যোগে অবৈধ স্থাপনা সরিয়ে না নিলে সিটি কর্পোরেশন নিজ উদ্যোগে উচ্ছেদ অভিযান চালাবে বলে তিনি জানান।
অন্যদিকে, নগরীর নাগরিক সেবা সংক্রান্ত যেকোনো সমস্যা, অভিযোগ, পরামর্শ বা সম্ভাবনা জানাতে দুটি হোয়াটসঅ্যাপ নম্বর চালু করেছে সিটি কর্পোরেশন। নগরবাসীকে ০১৬১৬১৬৪৬৯৬ ও ০১৭৩০৪৪১৩৩৫ নম্বরে ছবি ও ভিডিওসহ সরাসরি প্রশাসকের কাছে তথ্য পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









